বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
ডিমলায় পৈতৃক জমির পাকা ধান কেটে নেওয়ার হুমকি, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৭:৫৮ পিএম   (ভিজিট : ৩)
নীলফামারীর ডিমলায় পৈতৃক সূত্রে পাওয়া দীর্ঘদিনের ভোগদখলীয় জমি নিয়ে বিরোধের জেরে পাকা আমন ধান কেটে নেওয়ার হুমকি ও জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় নিজের জমির ফসল রক্ষা এবং পরিবারের জানমালের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী তোহিদুল ইসলাম বাচ্চু।

বুধবার (১১ নভেম্বর) বিকেল ৫টায় উপজেলার কালীগঞ্জ এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।

লিখিত বক্তব্যে তোহিদুল ইসলাম বাচ্চু জানান, তাঁর বাবা মৃত ইছামুদ্দিন এবং চাচা ইসমাইল উদ্দিন, সফির উদ্দিন ও সৃজির উদ্দিন এক্সচেঞ্জ কেস নং-২৭০/৬৯-৭০-এর দলিলমূলে সংশ্লিষ্ট জমির মালিকানা লাভ করেন। ৬৪/৮৬ খতিয়ানের ১৮৪৯ ও ১৮৫০ নম্বর দাগে মোট ৫০ শতক জমি তাঁদের মালিকানাধীন। তাঁদের মৃত্যুর পর ওয়ারিশ সূত্রে তিনি ও পরিবারের অন্য সদস্যরা জমিটির মালিক হন। প্রায় অর্ধশত বছর ধরে জমিটি তাঁদের শান্তিপূর্ণ ভোগদখলে রয়েছে এবং নিয়মিত খাজনা-খারিজ পরিশোধ করে আসছেন।

তার অভিযোগ, পরিবারের অগোচরে একই গ্রামের মৃত পানাতুল্লা মামুদের ছেলে মোশারফ হোসেন সেটেলমেন্ট অফিসের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে তাঁদের ভোগদখলীয় জমি নিজের নামে বিএস রেকর্ডভুক্ত করিয়ে নেন। এ ঘটনায় প্রকৃত মালিকানা প্রতিষ্ঠা ও বিএস রেকর্ড সংশোধনের দাবিতে মোশারফ হোসেনের পরিবারের সদস্যসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ডিমলা সিনিয়র সহকারী জজ আদালতে স্বত্ব ঘোষণার মামলা দায়ের করেছেন তিনি।

বাচ্চু আরও অভিযোগ করেন, মামলা দায়েরের পর থেকে প্রতিপক্ষের লোকজন তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হয়রানি করে আসছেন। তাঁদের মধ্যে আনছার আলী (৭০), মহিদুল ইসলাম (৬৫), রতন ইসলাম (৩০), নাসিরুল ইসলাম (৪৫), কুদ্দুছ আলী (৩৫) ও আজিজুল ইসলামসহ ৩০ থেকে ৩৫ জন রয়েছেন বলে তিনি উল্লেখ করেন। এর আগেও জমিতে আমন ধান রোপণের সময় বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছিল।

তিনি জানান, গত ৯ নভেম্বর সকাল ১১টার দিকে প্রতিপক্ষের লোকজন দলবদ্ধ হয়ে জমির পাশে গিয়ে পাকা ধান কেটে নেওয়ার পাঁয়তারা করেন এবং জমি হালচাষ করে দখলে নেওয়ার হুমকি দেন।

বর্তমানে জমির আমন ধান পেকে উঠেছে। যেকোনো সময় প্রতিপক্ষের লোকজন ধান কেটে নিতে পারেন—এমন আশঙ্কায় উদ্বেগ ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে পরিবারটি। এমনকি নিজেদের জমির ধান কাটতে গেলেও হামলার শিকার হওয়ার আশঙ্কা করছেন বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে তোহিদুল ইসলাম বাচ্চু জমির প্রকৃত মালিকানা নির্ধারণে নিরপেক্ষ তদন্ত, বিএস রেকর্ডে কথিত অনিয়মের অনুসন্ধান, পাকা আমন ধান রক্ষায় জরুরি ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ওআইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।

আজকালের খবর/বিএস 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft