বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
সড়কে শৃঙ্খলা ফেরাতে লক্ষ্মীপুরে মানববন্ধন
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৫:২৩ পিএম   (ভিজিট : ২)
লক্ষ্মীপুরে সড়ক অব্যবস্থাপনা, ফিটনেসবিহীন যানবাহন ও অদক্ষ চালকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকালে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন সিসিএস ও নিরাপদ সড়ক আন্দোলনের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। পরে একই দাবিতে লক্ষ্মীপুর-রায়পুর মহাসড়কের ঝুমুর এলাকায় কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা।

অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় মানববন্ধনে বক্তব্য দেন সিসিএস জেলা শাখার সভাপতি আবুল হাসান সোহেল, সাধারণ সম্পাদক ফিরোজ আলম, সহসভাপতি আবদুল আজিম ও বায়েজীদ হোসেন এবং নিরাপদ সড়ক আন্দোলন জেলা শাখার আহ্বায়ক মো. তুষার ও যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসানসহ অন্যরা।

বক্তারা বলেন, গত সোমবার লক্ষ্মীপুরের চরচামিতা এলাকায় আনন্দ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে তিনজন নিহত ও ৩০ জন আহত হন। একই দিন জেলার পৃথক স্থানে আরও দুজনের মৃত্যু হয়। সব মিলিয়ে ওই দিন জেলায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত ও অর্ধশতাধিক মানুষ আহত হন।

বক্তারা আরও বলেন, সড়কে অনিয়ম, অব্যবস্থাপনা, ফিটনেসবিহীন যানবাহন ও অদক্ষ চালকদের কারণে দুর্ঘটনা বাড়ছে। এসব দুর্ঘটনা প্রতিরোধে অবিলম্বে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ এবং অদক্ষ চালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

পরে জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক কামরুল ইসলামসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। তাঁদের আশ্বাস ও আলোচনার পর অবরোধ তুলে নেওয়া হলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

আজকালের খবর/কাওছার আল হাবীব








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft