বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
সরকারি ওষুধের সংকটে দুর্ভোগে জলিরপাড়ের মানুষ
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৫:১৪ পিএম   (ভিজিট : ২)
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে তীব্র ওষুধ সংকট দেখা দিয়েছে। প্রয়োজনীয় সরকারি ওষুধ না পেয়ে প্রতিদিনই খালি হাতে বাড়ি ফিরতে হচ্ছে সেবা নিতে আসা রোগীদের। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষ।

স্থানীয়দের অভিযোগ, স্বাস্থ্যকেন্দ্রটিতে জ্বর, সর্দি-কাশি, গ্যাস ও ব্যথার ওষুধসহ গর্ভবতী নারীদের জন্য প্রয়োজনীয় আয়রন ও ক্যালসিয়াম ট্যাবলেট এবং জন্মনিয়ন্ত্রণ সামগ্রীরও সংকট রয়েছে। চিকিৎসকের পরামর্শ ও ব্যবস্থাপত্র পেলেও মিলছে না প্রয়োজনীয় ওষুধ।

সেবা নিতে আসা এক ভুক্তভোগী বলেন, ‘আমরা গরিব মানুষ। বাইরে থেকে টাকা দিয়ে ওষুধ কেনার সামর্থ্য নেই। সরকারি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ না থাকলে আমরা যাব কোথায়?’

ওষুধ সংকটের কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন গর্ভবতী নারী, শিশু ও বয়স্ক রোগীরা। প্রয়োজনীয় ওষুধ না পেয়ে অনেককে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা পাশের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হচ্ছে। আবার অনেকে চিকিৎসাসেবা ও ওষুধ না পেয়ে বাড়ি ফিরে যেতে বাধ্য হচ্ছেন।

এ অবস্থায় জলিরপাড় ইউনিয়নের বাসিন্দারা দ্রুত স্বাস্থ্যকেন্দ্রটিতে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ নিশ্চিত করতে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হুমায়ূন কবির জানান, সারাদেশে ওষুধ সরবরাহ বন্ধ থাকায় স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ওষুধের সংকট তৈরি হয়েছে। আগামী ডিসেম্বর বা জানুয়ারি থেকে ওষুধ সরবরাহ পুনরায় চালু হলে রোগীরা প্রয়োজনীয় ওষুধ পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

তবে দীর্ঘদিনের এ সংকট দ্রুত নিরসন করে স্থানীয় পর্যায়ে সরকারি স্বাস্থ্যসেবা স্বাভাবিক করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

আজকালের খবর/কাওছার আল হাবীব








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft