
ফুলকপি মানেই সাদা—এমন ধারণা বদলে দিচ্ছে হলুদ ও বেগুনি রঙের ফুলকপি। দেখতে আকর্ষণীয় হওয়ায় বগুড়ার বাজারে বাড়ছে রঙিন ফুলকপির চাহিদা। সাধারণ ফুলকপির তুলনায় দাম বেশি হওয়ায় এ সবজি চাষে আগ্রহী হয়ে উঠছেন কৃষকেরা। আর রঙিন ফুলকপির মানসম্মত চারা উৎপাদন করে সাফল্য পেয়েছেন বগুড়ার কৃষক আব্দুল খালেক। তাঁর উৎপাদিত চারার চাহিদা বেড়েছে মৌসুমের শুরুতেই। গত ১৫ দিনে তিনি বিক্রি করেছেন ২২ হাজার চারা।
বগুড়া সদরের গোকুল গ্রামের বাসিন্দা আব্দুল খালেক। তিনি তিন ভাইকে সঙ্গে নিয়ে দীর্ঘদিন ধরে বাবার সঙ্গে কৃষিকাজ করছেন। কৃষিই তাঁদের পরিবারের আয়ের প্রধান উৎস। কৃষিকাজের পাশাপাশি ছোট ভাইকে কৃষিবিষয়ক প্রশিক্ষণও দিয়েছেন তিনি।
আব্দুল খালেক জানান, গত বছর উৎপাদিত চারার মান ভালো হওয়ায় এবার মৌসুমের শুরু থেকেই বিভিন্ন এলাকার কৃষকেরা তাঁর সঙ্গে যোগাযোগ করছেন। প্রতিদিন অসংখ্য ফোন আসছে। অনেকেই সরাসরি তাঁর কাছ থেকে চারা সংগ্রহ করতে আসছেন।
রঙিন ফুলকপির চারা উৎপাদনের যাত্রা শুরু হয় কিছুটা আকস্মিকভাবে। আব্দুল খালেক বলেন, গত বছরের জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে ফুলকপি চাষের মৌসুম প্রায় শেষ। ওই সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত একটি কৃষিমেলায় জামালপুরের একটি নার্সারি থেকে দুই প্যাকেট বীজ ও প্রায় ৩০০টি চারা সংগ্রহ করেন তিনি। তবে নার্সারির লোকজনও সেগুলোকে নিশ্চিতভাবে ফুলকপির বীজ ও চারা হিসেবে শনাক্ত করতে পারেননি। তাঁদের ধারণা ছিল, সেগুলো ব্রকলির চারা।
পরে বীজ ও চারাগুলো বাড়িতে নিয়ে প্রায় তিন কাঠা জমিতে রোপণ করেন খালেক। জমিতে পর্যাপ্ত ভার্মিকম্পোস্টসহ জৈব সার ব্যবহার করে নিয়মিত পরিচর্যা করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, বীজ বপনের ১০ থেকে ১২ দিনের মধ্যে বিক্রির উপযোগী চারা তৈরি হয়। আর ৪০ থেকে ৪৫ দিনের মধ্যে জমি ভরে ওঠে উজ্জ্বল হলুদ ও গাঢ় বেগুনি রঙের ফুলকপিতে।
তিনি জানান, প্রতিটি বেগুনি ফুলকপির ওজন দেড় কেজির বেশি। হলুদ ফুলকপির ওজন হয় ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ গ্রাম। প্রতিটি ফুলকপি ১০০ টাকার বেশি দামে বিক্রি করেছেন তিনি। অথচ একই সময়ে সাধারণ সাদা ফুলকপি বিক্রি করেছেন ৩০ থেকে ৪০ টাকায়।
এবার চাহিদা বাড়ায় শুধু শীত মৌসুমে নয়, সারা বছর রঙিন ফুলকপির চারা উৎপাদনের পরিকল্পনা করছেন আব্দুল খালেক। তিনি বলেন, পলিসেডের ভেতরে সারা বছর এসব ফুলকপি চাষ করা সম্ভব। তবে প্রয়োজনীয় বীজ সব সময় পাওয়া যায় না। এ কারণে চলতি বছরের শুরুতে ভারত থেকে পরীক্ষামূলকভাবে কিছু রঙিন ফুলকপির বীজ সংগ্রহ করেছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বগুড়ার শাজাহানপুর, শিবগঞ্জ, শেরপুর, কাহালু ও গাবতলীসহ বিভিন্ন উপজেলায় রঙিন ফুলকপির চাষ হচ্ছে। জেলায় হলুদ ও বেগুনি রঙের এ ফুলকপি প্রায় ২০ হেক্টর জমিতে আবাদ হয়েছে। নতুন সবজি হিসেবে বাজারেও এর চাহিদা রয়েছে। কৃষকদের আগ্রহ বাড়ায় আগামী মৌসুমে আবাদ আরও বাড়তে পারে।
বগুড়ার শাজাহানপুর উপজেলার চোপীনগর গ্রামের কৃষক মোখলেছুর রহমানও রঙিন ফুলকপি চাষে আগ্রহী হয়েছেন। আগে তিনি সাদা ফুলকপি চাষ করলেও এবার আব্দুল খালেকের কাছ থেকে হলুদ ফুলকপির চারা সংগ্রহ করেছেন। প্রায় ১৭ শতাংশ জমিতে জৈব সার ব্যবহার করে ২ হাজার ২০০টি চারা রোপণ করেছেন। এ জমি থেকে প্রায় দেড় লাখ টাকার ফুলকপি বিক্রির আশা করছেন তিনি।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, রঙিন ফুলকপির এফ-১ হাইব্রিড বীজ প্রধানত ভারত, থাইল্যান্ড, চীন ও দক্ষিণ আফ্রিকা থেকে বিভিন্ন বীজ আমদানিকারক ও বেসরকারি কৃষি প্রতিষ্ঠানের মাধ্যমে দেশে আসে। ২০২১ সাল থেকে বাংলাদেশে রঙিন ফুলকপির চাষ শুরু হয়। এরপর ধীরে ধীরে বিভিন্ন জেলায় এর আবাদ ছড়িয়ে পড়ে। বগুড়ায় গত বছর থেকে কয়েকটি উপজেলায় হলুদ ও বেগুনি ফুলকপির চাষ বাড়তে শুরু করেছে। সাধারণ ফুলকপির তুলনায় রঙিন ফুলকপির বাজারমূল্যও বেশি। বর্তমানে সাদা ফুলকপি প্রতি পিস ১৫ থেকে ২০ টাকায় বিক্রি হলেও হলুদ ও বেগুনি ফুলকপি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়।
বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের রুরাল ম্যাক্রো ইন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রকল্পের (আরএমটিপি) ভ্যালুচেইন ফ্যাসিলিটেটর এবিএম মাহমুদুল হাছান বলেন, সাধারণ ফুলকপির তুলনায় রঙিন ফুলকপিতে কিছু বিশেষ পুষ্টি উপাদান রয়েছে। হলুদ ফুলকপিতে বিটা-ক্যারোটিন এবং বেগুনি ফুলকপিতে অ্যান্থোসায়ানিন নামের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এসব উপাদান শরীরের জন্য উপকারী।
বগুড়ায় রঙিন ফুলকপির চাষ সম্প্রসারণে কৃষকদের উৎসাহিত করার কথা জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সোহেল মো. শামসুদ্দীন ফিরোজ। তিনি বলেন, জেলায় রঙিন ফুলকপির চারা উৎপাদন হচ্ছে। এ কারণে আগামী মৌসুমে কৃষকদের এ সবজি চাষে উদ্বুদ্ধ করা হবে।
তিনি আরও বলেন, উচ্চমূল্যের ফসল হিসেবে কৃষকেরা যাতে এসব সবজি চাষ করে ভালো বাজারমূল্য পান, সে জন্য কৃষি বিভাগের প্রদর্শনী কার্যক্রমে এ ধরনের ফসলের চাষিদের যুক্ত করার চেষ্টা করা হচ্ছে।
আজকালের খবর/কাওছার আল হাবীব