নেত্রকোণার মোহনগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ড, সড়ক অবরোধ করে মিছিল, যানবাহন চলাচলে বিঘ্ন ঘটানোর অভিযোগ এনে বিশেষ ক্ষমতা আইনে মোহনগঞ্জ থানায় ৪৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ১০০/১৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) রাতে দায়ের হওয়া ওই মামলায় সাবেক এমপি সাজ্জাদুল হাসান, আওয়ামী লীগ সভাপতি ও সাবেক পৌর মেয়র লতিফুর রহমান রতন, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান শহীদ ইকবালসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আসামি করা হয়েছে।
উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম সংগ্রাম বাদী হয়ে মোহনগঞ্জ থানায় ওই মামলা দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়, সোমবার (৯ নভেম্বর) রাতে কাজিয়াটি মডেল মসজিদ সংলগ্ন পাকা সড়কের দক্ষিণ পাশে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা একত্রিত হয়ে মশাল মিছিলসহ সরকার বিরোধী সন্ত্রাসী কর্মকান্ড করে। এ সময় তারা সড়ক অবরোধ করে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, মিছিল থেকে ‘জয় বাংলা স্লোগানসহ বর্তমান সরকারের বিভিন্ন ব্যক্তির নাম ধরে গালিগালাজ করা হয়।
মোহনগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মো. হাফিজুর ইসলাম হারুন বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড, জনমনে আতঙ্ক সৃষ্টি এবং সরকার বিরোধী কার্যকলাপের অভিযোগ এনে বিশেষ ক্ষমতা আইনে মাজাহারুল ইসলাম সংগ্রাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এ ঘটনায় মামলার অর্ন্তভুক্ত ১৮নং আসামি জুবায়েদ আহমেদ (২৩) কে পুলিশ গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।
আজকালের খবর/বিএস