বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬
গাজীপুরের পরিকল্পিত নগরায়ণের দায়িত্বে কাজী ছাইয়েদুল আলম বাবুল
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১১:২৭ পিএম   (ভিজিট : ৬)
দ্রুত শিল্পায়ন ও জনসংখ্যা বৃদ্ধির চাপে গাজীপুরে বাড়ছে অপরিকল্পিত নগরায়ণ। শিল্পকারখানা ও আবাসিক স্থাপনা সম্প্রসারিত হলেও সেই তুলনায় বাড়েনি সড়ক যোগাযোগ, পানি নিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সুযোগ-সুবিধা। কোথাও জলাবদ্ধতা, কোথাও যানজট, আবার কোথাও কৃষিজমি ও জলাভূমি ভরাট করে গড়ে উঠছে নতুন স্থাপনা। এমন বাস্তবতায় গাজীপুরের পরিকল্পিত নগরায়ণ ও উন্নয়ন কার্যক্রমের দায়িত্ব পেলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল। তাকে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের (গাউক) চেয়ারম্যান পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার (১১ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২০-এর ৭(১) ধারা অনুযায়ী গ্রেড-২ পদমর্যাদায় তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে। 

যোগদানের তারিখ থেকে এক বছর তিনি এ দায়িত্ব পালন করবেন। নিয়োগের শর্ত অনুযায়ী, তাঁকে অন্য যেকোনো পেশা, ব্যবসা বা প্রতিষ্ঠানের সঙ্গে বিদ্যমান কর্মসম্পর্ক পরিত্যাগ করতে হবে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সন্তান কাজী ছাইয়েদুল আলম বাবুল দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি এর আগে গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক। আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রতিকূলতার মধ্যে দলীয় কর্মকাণ্ড পরিচালনা করতে গিয়ে তাকে একাধিকবার মামলা, গ্রেপ্তার ও কারাবরণের মুখোমুখি হতে হয়েছে বলে দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন। তার নিয়োগকে দলের পরীক্ষিত ও জ্যেষ্ঠ নেতার মূল্যায়ন হিসেবে দেখছেন স্থানীয় নেতাকর্মীদের অনেকে।

তবে নতুন চেয়ারম্যানের সামনে রাজনৈতিক পরিচয়ের চেয়েও বড় হয়ে উঠবে গাজীপুরের নগর উন্নয়নের বাস্তব চ্যালেঞ্জ। দেশের অন্যতম বৃহৎ শিল্পাঞ্চল গাজীপুরে প্রতিদিন বাড়ছে মানুষের বসতি, শিল্পকারখানা, ব্যবসাপ্রতিষ্ঠান ও যানবাহনের সংখ্যা। কিন্তু পরিকল্পিত নগর ব্যবস্থাপনার অভাবে শিল্পায়নের সুফলের পাশাপাশি তৈরি হচ্ছে নানা নাগরিক সমস্যা। বিশেষ করে অপরিকল্পিত আবাসন, যানজট, জলাবদ্ধতা, বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা, খাল ও জলাশয় দখল এবং পরিবেশদূষণ নগরবাসীর জীবনযাত্রাকে কঠিন করে তুলছে।

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য ছিল এ অঞ্চলের পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করা। গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২০ অনুযায়ী, ভূমির সুষ্ঠু ব্যবহার, মহাপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন, অপরিকল্পিত নগরায়ণ নিয়ন্ত্রণ, আবাসন ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণে প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। কিন্তু এসব দায়িত্ব কার্যকরভাবে বাস্তবায়ন করতে হলে শুধু পরিকল্পনা গ্রহণ করলেই হবে না, প্রয়োজন যথাযথ তদারকি, সমন্বিত উদ্যোগ এবং আইনের প্রয়োগ।
বিশেষ করে গাজীপুরের জন্য একটি সমন্বিত ও দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা বাস্তবায়ন এখন সময়ের দাবি। কোন এলাকায় শিল্পকারখানা, কোথায় আবাসিক ও বাণিজ্যিক অঞ্চল গড়ে উঠবে, কোথায় কৃষিজমি, জলাভূমি, খাল, উন্মুক্ত স্থান ও সবুজ অঞ্চল সংরক্ষিত থাকবে-তা পরিকল্পিতভাবে নির্ধারণ করতে হবে। একই সঙ্গে অনুমোদনহীন স্থাপনা, অপরিকল্পিত ভূমি ব্যবহার এবং জলাধার ভরাটের প্রবণতা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

গাজীপুরের নগর উন্নয়নে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ও একটি বড় চ্যালেঞ্জ। সিটি করপোরেশন, জেলা প্রশাসন, সড়ক ও জনপথ অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার উন্নয়ন কার্যক্রমের মধ্যে সমন্বয় না থাকলে পরিকল্পিত নগর গড়ে তোলা কঠিন। তাই উন্নয়ন কর্তৃপক্ষকে কার্যকর সমন্বয়কারী প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করা নতুন চেয়ারম্যানের অন্যতম দায়িত্ব হবে।

শিল্পনগরী হিসেবে গাজীপুরের গুরুত্ব শুধু স্থানীয় অর্থনীতিতে সীমাবদ্ধ নয়; দেশের রপ্তানি, কর্মসংস্থান ও সামগ্রিক অর্থনীতির সঙ্গেও এ অঞ্চলের উন্নয়ন জড়িত। এখানে বিপুলসংখ্যক শ্রমজীবী মানুষের বসবাস। তাঁদের জন্য নিরাপদ আবাসন, চলাচলের উপযোগী সড়ক, স্বাস্থ্যসম্মত পরিবেশ, পর্যাপ্ত গণপরিবহন ও নাগরিক সেবা নিশ্চিত করা প্রয়োজন। শিল্পকারখানার বর্জ্য ব্যবস্থাপনা এবং নদী-খাল ও জলাশয়ের পরিবেশগত ভারসাম্য রক্ষাও সমান গুরুত্বপূর্ণ। উন্নয়ন পরিকল্পনায় এসব বিষয় উপেক্ষিত হলে ভবিষ্যতে নগর ব্যবস্থাপনার সংকট আরও বাড়তে পারে।

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত কাজী ছাইয়েদুল আলম বাবুল তাকে এ দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করবেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পরিচ্ছন্ন, আধুনিক ও পরিকল্পিত গাজীপুর গড়ে তুলতে কাজ করবেন। এ জন্য তিনি জেলাবাসীর আন্তরিক সহযোগিতা ও পরামর্শ কামনা করেছেন।

নগর পরিকল্পনাবিদদের মতে, একটি শহরের উন্নয়ন কেবল সড়ক, সেতু, ভবন কিংবা অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়। উন্নয়নের পাশাপাশি পরিবেশ, জলাধার, উন্মুক্ত স্থান, নাগরিক অধিকার ও ভবিষ্যৎ প্রজন্মের বসবাসযোগ্যতার বিষয়টিও বিবেচনায় নিতে হয়। গাজীপুরের মতো দ্রুত সম্প্রসারণশীল শিল্পাঞ্চলে এখনই কার্যকর পরিকল্পনা বাস্তবায়ন করা না গেলে অপরিকল্পিত নগরায়ণের দীর্ঘমেয়াদি চাপ সামাল দেওয়া কঠিন হবে।
 গাজীপুরবাসীর প্রত্যাশা, নতুন নেতৃত্বে উন্নয়ন কর্তৃপক্ষ কাগজে-কলমে পরিকল্পনা প্রণয়নের মধ্যে সীমাবদ্ধ না থেকে বাস্তবসম্মত উদ্যোগের মাধ্যমে একটি আধুনিক, পরিবেশবান্ধব ও বাসযোগ্য গাজীপুর গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে।


আজকালের খবর/ এমকে









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft