বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬
নরসিংদীতে সড়ক সংস্কারে অনিয়ম, পা দিলেই উঠে যাচ্ছে পিচ
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৪:১৩ পিএম   (ভিজিট : ০)
নরসিংদীর মাধবদীতে প্রায় কোটি টাকা ব্যয়ে একটি সড়ক সংস্কারের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। কাজ শেষ হওয়ার আগেই সড়কের বিভিন্ন অংশ থেকে পিচ ও পাথর উঠে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাধবদী পৌরসভা কর্তৃপক্ষ।

মাধবদী পৌরসভার প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, পৌরসভার গরুর হাট ম্যানচেস্টার চত্বর থেকে ফায়ার সার্ভিস মোড় পর্যন্ত ৬৮৫ মিটার সড়ক সংস্কারের কাজ পায় সিগমা অ্যাসোসিয়েশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। সড়কটির সংস্কার ব্যয় ধরা হয়েছে ৯৬ লাখ ৪৮ হাজার টাকা।

প্রকল্পের আওতায় ১৫ মিলিমিটার সিলকোটসহ ৫৫ মিলিমিটার কার্পেটিং করার কথা রয়েছে।

প্রায় তিন সপ্তাহ আগে কাজ শুরু হয়। গত ৩০ অক্টোবর ৪০ মিলিমিটার কার্পেটিংয়ের কাজ শুরু হয়ে দুই দিন আগে শেষ হয়েছে। তবে এখনো ১৫ মিলিমিটার সিলকোটের কাজ বাকি রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সড়ক সংস্কারে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়েছে এবং পিচ ঢালাইয়ে প্রয়োজনের তুলনায় কম বিটুমিন ব্যবহার করা হয়েছে। ফলে নতুন কার্পেটিংয়ের ওপর সামান্য চাপ বা আঁচড় দিলেই পাথর উঠে আসছে। কাজ শেষ হওয়ার আগেই বিভিন্ন স্থানে পিচ ও পাথর আলাদা হয়ে যাচ্ছে।

গত মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে সরেজমিন দেখা যায়, সড়কের বিভিন্ন অংশে ঠিকাদারের কর্মীরা পিচ খুঁড়ে তুলছেন। এতে সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার মাধবদীর হাট থাকায় পণ্যবাহী ও যাত্রীবাহী যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়।

রাস্তা  চলাচলকারী  কলেজ ছাত্র ফাহাদ  বলে, দীর্ঘদিন সড়কটিতে খানাখন্দ থাকায় মানুষ ভোগান্তিতে ছিল। সংস্কার শুরু হওয়ায় তারা স্বস্তি পেয়েছিলেন। কিন্তু কাজ শেষ হওয়ার আগেই বিভিন্ন স্থানে পিচ উঠে যাচ্ছে। ভালো নির্মাণসামগ্রী ব্যবহার করে দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানান তিনি।

সড়কে কর্মরত শ্রমিকরা জানান, পিচ ঢালাইয়ের পর কয়েকটি স্থানে সমস্যা দেখা দেওয়ায় পৌরসভার প্রকৌশলীরা সেসব জায়গা চিহ্নিত করে দিয়েছেন। সেখান থেকে পুরনো পিচ তুলে নতুন করে ঢালাই করা হবে।

স্থানীয় ব্যবসায়ী তপু  বলেন, সড়কটির কাজ নিম্নমানের হয়েছে। যেভাবে কাজ করা হয়েছে, তাতে সড়কটি বেশি দিন টিকবে না বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

সিএনজিচালক রহমান মিয়া বলেন, সড়কটি দীর্ঘদিন ধরে খারাপ থাকায় তারা দুর্ভোগ পোহাচ্ছেন। সংস্কারকাজের শুরু থেকেই নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ রয়েছে। সড়কটি দ্রুত নষ্ট হলে আবারও সাধারণ মানুষকেই ভোগান্তিতে পড়তে হবে বলে মন্তব্য করেন তিনি।

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান সিগমা অ্যাসোসিয়েশনের ঠিকাদার এটিএম কামরুল হাসান  সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে  তিনি বলেন,  পিচ ঢালাইয়ের সময়ে লেবাররা প্রয়োজনের তুলনায় কম বিটুমিন   এবং লেবারদের গাফিলতির কারণে এমনটা হয়েছে। নির্মাণ কাজ চলাকালে যেসব ত্রুটি পাওয়া গেছে সেগুলো প্রয়োজনীয় ব্যবস্থা করা হচ্ছে। ঢালাই  এর সময়  বৃষ্টি হওয়ায় আরও  ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ব্যস্ততম সড়ক থাকায় যানবাহনের চাপ সামাল দিতে গিয়ে লেবাররা ঠিকমত কাজ করতে পারেনি। 

মাধবদী পৌরসভার নির্বাহী প্রকৌশলী তারিকুল ইসলাম বলেন, নির্মাণকাজ চলাকালে কিছু ত্রুটি পাওয়া গেছে। সেগুলো মেরামতের জন্য ঠিকাদারকে বলা হয়েছিল। কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ায় সোমবার (৯ নভেম্বর) প্রতিষ্ঠানটিকে চিঠি দেওয়া হয়েছে।

তিনি বলেন, সড়কের ৬৫০ বর্গফুট এলাকার পুরনো পিচ তুলে সম্পূর্ণ নতুন করে ঢালাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। সড়ক সংস্কারকাজে অনিয়মের বিষয়ে পৌরসভা জিরো টলারেন্স নীতিতে রয়েছে। পুরো কাজ শেষ হওয়ার পর গুণগত মান যাচাই করে সড়কটি বুঝে নেওয়া হবে।
     
নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধবদী পৌরসভার প্রশাসক আসমা জাহান সরকার বলেন, সড়ক সংস্কারকাজ এখনো শেষ হয়নি এবং ঠিকাদারি প্রতিষ্ঠানকে কোনো বিল দেওয়া হয়নি। কাজের গুণগত মান ঠিক রাখতে প্রতিষ্ঠানটিকে চিঠি দেওয়া হয়েছে। সংস্কারকাজের মান সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি।

আজকালের খবর/বিএস 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft