কিশোরগঞ্জের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শনিবার (১৪ নভেম্বর) উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের ঝগড়াচর এলাকায় মুন্সি বাড়ি ও মাদাইরা বাড়ির লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষের পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৩ নভেম্বর মুন্সি বাড়ির এক কিশোরের সঙ্গে মাদাইরা বাড়ির আরেক কিশোরের বাকবিতণ্ডা ও মারামারির ঘটনা ঘটে। এরই জেরে ১৪ নভেম্বর সকালে মুন্সি বাড়ির যুবকরা মাদাইরা বাড়িতে হামলা চালালে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
মাদাইরা বাড়ির সবুজ মিয়া বলেন, বেশ কিছুদিন ধরে মুন্সি বাড়ির লোকজনের সঙ্গে আমাদের পূর্বশত্রুতা চলে আসছিল। ১৩ নভেম্বর শিশু-কিশোরদের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে বিরোধ হয়। এরই জেরে শনিবার সকালে তারা আমাদের বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে বেশ কয়েকটি ঘরবাড়ি ভাঙচুর করে। এ সময় আমার মাসহ আমাদের বাড়ির নারী ও পুরুষসহ বেশ কয়েকজন আহত হন। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচারের জন্য থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছি।
মুন্সি বাড়ির জাহাঙ্গীর মিয়া বলেন, ‘শিশু-কিশোরদের মধ্যকার একটি সাধারণ ঝগড়াকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত এই সংঘর্ষের সূত্রপাত হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং স্থানীয়দের উদ্যোগে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।
সংঘর্ষে আহতদের মধ্যে সেলিম মিয়া (৪২), রফিয়া বেগম (৮০), আল আমিন (৩৫), আরাফাত মিয়া (১২), ইমরান হোসেন (২০), শরাফত আলী (৫৫), শিমুল মিয়া (২১) ও শরিফা বেগম (৩৭) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত রফিয়া বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া শহর বানু, মেহের বানু, রুকন মিয়া ও টুনু মিয়াসহ অন্যান্য আহতরা স্থানীয়ভাবে বিভিন্ন প্রাইভেট ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা নিয়েছে।
খবর পেয়ে থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যায় বলে নিশ্চিত করেছেন ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান। তিনি জানান, এ ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আজকালের খবর/রাশেদুল মিলন