দক্ষিণ বন বিভাগের কক্সবাজার সদর রেঞ্জের বিরুদ্ধে প্রকাশিত একটি সংবাদকে মনগড়া, কল্পনাপ্রসূত ও মিথ্যা দাবি করে এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন রেঞ্জ কর্মকর্তা মিজানুর রহমান।
গত ১০ নভেম্বর ‘জব্দকৃত গাছ বিক্রির অভিযোগ সদর রেঞ্জের বিরুদ্ধে’ শিরোনামে ‘কক্সবাজার ৭১’ নামের একটি পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত ওই সংবাদের তথ্যের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই বলে দাবি করেছেন তিনি।
রেঞ্জ কর্মকর্তা মিজানুর রহমানের অভিযোগ, একটি স্বার্থান্বেষী মহল নিজেদের বিশেষ সুবিধা আদায় ও উদ্দেশ্য হাসিল করতে না পেরে পরিকল্পিতভাবে সদর রেঞ্জের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এ ধরনের ভিত্তিহীন সংবাদে বন বিভাগের পাশাপাশি রেঞ্জ কর্মকর্তা হিসেবে তাঁর ব্যক্তিগত সুনাম ও সম্মান ক্ষুণ্ন হয়৷
প্রতিবাদ জানিয়ে মিজানুর রহমান বলেন, একটি পক্ষ পরিকল্পিতভাবে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট প্রতিবেদক আমার সঙ্গে কোনো কথা বলেননি। সংবাদে উল্লেখ করা মনগড়া ও ভিত্তিহীন তথ্য আমাকে হতাশ করেছে। আমি এ ধরনের মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি আরও বলেন, সাংবাদিকদের পেশাদারত্ব বজায় রেখে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য গ্রহণ এবং প্রকৃত তথ্য যাচাই করে সংবাদ পরিবেশন করা উচিত। একই সঙ্গে প্রকাশিত সংবাদে পাঠক ও সংশ্লিষ্ট মহলকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।
আজকালের খবর/বিএস