কিশোরগঞ্জের ভৈরবে ২ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্প উদ্বোধন করেছেন বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম।
শুক্রবার (১৩ নভেম্বর) পৌর শহরের কালীপুর নয়াহাটি এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কে. এম. মামুনুর রশীদের সভাপতিত্বে উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হয়।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু মুছা শেখ, ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র হাজী মো. শাহীন এবং সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি মুজিবুর রহমান প্রমুখ। সভায় উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেন, বিএনপি সরকারের বয়স প্রায় ৯ মাস। শুরুতেই সারা দেশে প্রান্তিক মানুষের জন্য কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভৈরবেও সপ্তাহ বা পনেরো দিন পরপর বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হচ্ছে। সরকার নারীদের উন্নয়ন, বেকারদের কর্মসংস্থান ও সুবিধাভোগীদের বিভিন্ন সহায়তা দিয়ে সহযোগিতা করে যাচ্ছে।
তিনি আরও বলেন, ভৈরব একটি প্রথম শ্রেণির পৌরসভা। এখানে স্থানীয় সরকার বিভাগের নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নয়াহাটি নিম্ন-আয় এলাকায় উন্নয়নকাজের এবং বাদশাবিল ব্রীজ হতে নয়াহাটি কার্তিকের বাড়ি পর্যন্ত আধুনিক ইউনিব্লক রাস্তা নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এখানে ২ কোটি টাকার উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হয়েছে।
এই এলাকাটি অবহেলিত ছিল। দ্রুত সময়ের মধ্যে বাদশাবিল এলাকায় একটি স্কুল নির্মাণ করা হবে। বিএনপি সরকার ক্ষমতায় থাকলে ভৈরব-কুলিয়ারচরের প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নসহ প্রয়োজনীয় সকল উন্নয়নমূলক কাজ করা হবে।
আজকালের খবর/রাশেদুল মিলন