বগুড়ার শেরপুরে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল্লাহ ওরফে রতন (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) শেরপুর পৌরসভার বারো দুয়ারী পাড়া হাটখোলা শাহজাহান মাজার রোড এলাকায় সোহানা ফার্মেসির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. আব্দুল্লাহ ওরফে রতন শেরপুর উপজেলার উত্তর সাহাপাড়া এলাকার মৃত আবু সাঈদের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শেরপুর থানার এসআই মো. আ. কুদ্দুস, সঙ্গীয় এএসআই মো. ওমর ফারুক ও কং/৭১২ মো. আরিফুজ্জামান শেরপুর পৌর এলাকায় দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান। এ সময় মো. আব্দুল্লাহ ওরফে রতনকে সন্দেহ হলে তার পরিহিত জিন্স ফুলপ্যান্টের সামনের ডান পকেট থেকে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এ ঘটনায় শেরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকরামুল হোসাইন জানান, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নম্বর-১৫, তারিখ: ১৪/১১/২০২৬ ইং, ধারা ৩৬(১) এর ১০(ক)) রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আজকালের খবর/রাশেদুল মিলন