
ফরিদপুরের মধুখালীতে শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী সচেতনতা সৃষ্টি এবং সততা ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে শিক্ষা উপকরণ বিতরণ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১২টায় উপজেলার মাহমুদুন্নবী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুরের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুদক ফরিদপুরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান, উপসহকারী পরিচালক আনোয়ার হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির মধুখালী শাখার সভাপতি মো. আক্তার হোসেন মুন্সী, কমিটির সদস্য ও মধুখালী প্রেসক্লাবের সভাপতি মো. মনিরুজ্জামান মৃধা মন্নু এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার। এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতি প্রতিরোধ কমিটির নাম ও দুর্নীতিবিরোধী স্লোগানসংবলিত স্কুলব্যাগ, জ্যামিতি বক্স, খাতা, স্কেল, ছাতা, পানির বোতল ও টিফিন বক্স বিতরণ করা হয়।
এর আগে দুদক ফরিদপুরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আক্তার হোসেন মুন্সীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই দুর্নীতির বিরুদ্ধে সচেতন করা, সততা ও নৈতিক মূল্যবোধের চর্চায় উৎসাহিত করা এবং ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে দুর্নীতিবিরোধী মনোভাব গড়ে তোলাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।
আজকালের খবর/কাওছার আল হাবীব