
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা ইউনিটের ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত সোমবার সকালে স্থানীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচনে সাতটি পদে মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সোসাইটির সাবেক সেক্রেটারি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান ডা. মো. ফেরদৌস হোসেন মনজু, সেক্রেটারি মাহামুদুন নবী টিটুল, সদস্য রাগিব হাসান চৌধুরী, মো. সাহেদ হোসেন, নির্বাচন কমিশনার কাজী আমিরুল ইসলাম ফকু ও ইউনিট কর্মকর্তা সাইদুর রহমান শাওনসহ অন্যরা।
নির্বাচনের তফসিল ঘোষণার পর সাতটি পদের বিপরীতে প্রতিটিতে একজন করে প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। নির্ধারিত সময়ে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় মনোনয়নপত্র দাখিলকারী সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নবনির্বাচিত কমিটির কর্মকর্তারা হলেন ভাইস চেয়ারম্যান ডা. মো. ফেরদৌস হোসেন মনজু, সেক্রেটারি মাহামুদুন নবী টিটুল এবং কার্যকরী সদস্য শহিদুজ্জামান শহীদ, রাগিব হাসান চৌধুরী, মো. সাহেদ হোসেন, মোছা. রেবেকা সুলতানা ও শাকিল আহমেদ।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট কাজী আমিরুল ইসলাম ফকু। এ ছাড়া চারজন সহকারী নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী ২৮ অক্টোবর খসড়া ভোটার তালিকা প্রকাশ, ২৯ অক্টোবর ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, ৩০ অক্টোবর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ৩১ অক্টোবর মনোনয়নপত্র বিতরণ, ১ নভেম্বর মনোনয়নপত্র দাখিল, ২ নভেম্বর যাচাই-বাছাই ও বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ, ৩ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহার এবং ৪ নভেম্বর চূড়ান্ত বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়। পরে ৫ নভেম্বর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় এবং ৯ নভেম্বর বিশেষ সাধারণ সভা ও ভোট গ্রহণের দিন নির্ধারণ করা হয়।
আজকালের খবর/কাওছার আল হাবীব