মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
অপরাধ করে পালানো ব্যক্তিরা ছাড় পেতে পারে না: রিজভী
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৫:০৬ পিএম   (ভিজিট : ৫)
২০২৪ সালের গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে এবং তৎকালীন প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। 

তিনি বলেন, জনগণের চোখের সামনে অপরাধ করে পালিয়ে যাওয়া ব্যক্তিরা কীভাবে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার আবেদন করেন, তা দেশবাসীর প্রশ্ন।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ অডিটোরিয়ামে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) আয়োজিত ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’ প্রতিযোগিতার রাজশাহী বিভাগীয় পর্বের প্রদর্শনী ও মূল্যায়ন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

রিজভী বলেন, আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমসহ প্রায় ১ হাজার ৪০০ শহীদ ছাত্র-জনতার রক্তের দাগ এখনো শুকায়নি।

গুরুতর অপরাধ ও মানবতাবিরোধী কর্মকাণ্ডে জড়িত হয়ে যারা দেশ ছেড়ে পালিয়েছেন, সংবিধান অনুযায়ী এ দেশের আদালতেই তাদের বিচার হতে হবে। বিএনপি আইনের শাসন ও ন্যায়বিচারে বিশ্বাস করে।
তিনি আরও বলেন, অতীতে তৎকালীন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছিলেন, পলাতকদের বক্তব্য প্রচার করা যায় না। অথচ শেখ হাসিনার শাসনামলে তারেক রহমান পলাতক ছিলেন না।

তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছিল। চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার পর তার বিরুদ্ধে একের পর এক মামলা দেওয়া হয়।

বিজ্ঞানমেলায় অংশ নেওয়া শিক্ষার্থীদের প্রশংসা করে রিজভী বলেন, এই তরুণ বিজ্ঞানীরাই আগামী দিনের আইনস্টাইন ও নিউটন। তাদের উদ্ভাবনী প্রতিভা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, দেশের তরুণদের সঠিক পরিচর্যা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে অন্য দেশের ওপর নির্ভর করতে হবে না। নিজেদের মেধা ও উদ্ভাবনী শক্তি দিয়েই বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠতে পারবে।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন, ‘হোমগ্রোন প্রোডাক্ট ইজ দ্য বেস্ট প্রোডাক্ট’। তার আদর্শ অনুসরণ করে তরুণ প্রজন্মকে কৃষিসহ বিভিন্ন খাতের গবেষণায় এগিয়ে নিতে হবে। এজন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গবেষণা ও উন্নয়ন খাতে পর্যাপ্ত বাজেট বরাদ্দ নিশ্চিত করা জরুরি। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সঠিক ব্যবহারের মাধ্যমে দেশের উৎপাদনশীলতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট এ কে এম মাহবুবর রহমান, গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডা. মঈনুল হোসেন সাদিক, বিজ্ঞানমেলা আয়োজক কমিটির আহ্বায়ক প্রকৌশলী অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ও সদস্য সচিব ডা. মোস্তফা আজিজ সুমন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় বিজ্ঞানমেলার আহ্বায়ক ডা. শাহ মোহাম্মদ শাহজাহান আলী। আলোচনা সভার আগে অতিথিরা বিজ্ঞানমেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের তৈরি বিজ্ঞানভিত্তিক প্রকল্প ও উদ্ভাবন পরিদর্শন করেন।

তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞানমনস্ক চিন্তা, উদ্ভাবনী মেধা ও গবেষণার আগ্রহ বাড়িয়ে প্রযুক্তিনির্ভর স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft