মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
পচা মিষ্টি ও অস্বাস্থ্যকর খাবার, শেরপুরে হোটেলকে জরিমানা
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৫:৪১ পিএম   (ভিজিট : ৭)
বগুড়ার শেরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণের দায়ে ‘গ্যানেন গোপাল হোটেল সুইটস এন্ড রেস্টুরেন্ট’ নামের একটি প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে পচা ও বাসি মিষ্টি সংরক্ষণ, পোড়া তেলে খাবার তৈরি এবং গোবর রাখার স্থানে পরোটার ময়দা ও ডো তৈরিসহ নানা অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শেরপুর উপজেলার সাব-রেজিস্ট্রি অফিস বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। বগুড়ার জেলা প্রশাসকের সার্বিক নির্দেশনায় এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে প্রতিষ্ঠানটিতে বেশ কিছু গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এর মধ্যে রয়েছে পচা ও বাসি মিষ্টি সংরক্ষণ ও বিক্রি, অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, রান্নাঘরে গরুর শুকনা গোবর সংরক্ষণের স্থানে পরোটার ময়দা ও ডো তৈরি, ওয়াশরুমের দরজায় বসে খাবারের প্লেট পরিষ্কার এবং উৎপাদিত খাবার অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ।

এ ছাড়া ফ্রিজে কাঁচা ও রান্না করা খাবার একসঙ্গে রাখা, পোড়া তেলে খাবার তৈরি এবং খাদ্যকর্মীদের যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করার বিষয়টিও অভিযানে উঠে আসে।

এসব অপরাধের দায় স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ধারা লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করেন। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটির মালিকের কাছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বগুড়া জেলা কার্যালয় থেকে ব্যাখ্যা তলব করা হয়েছে।

অভিযানকালে নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল, শেরপুর উপজেলার দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক তাহমিনা আক্তার, নমুনা সংগ্রহ সহকারী মো. মামুনুর রশিদসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষায় শেরপুর থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

অভিযান শেষে প্রতিষ্ঠানটির মালিককে সরকারি সব আইন ও বিধিবিধান মেনে নিরাপদ খাদ্য উৎপাদন, প্রস্তুত ও সংরক্ষণের বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়।

আজকালের খবর/কাওছার আল হাবীব








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft