মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
অটোরিকশা আটক নিয়ে সংঘর্ষ, নারী সদস্যসহ আহত ৫ পুলিশ
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৫:১৫ পিএম   (ভিজিট : ১১)
লালমনিরহাট সদর উপজেলার আমতলা এলাকায় অটোরিকশা আটক করাকে কেন্দ্র করে বিরোধের জেরে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। ৯৯৯-এ ফোন পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক নারী সদস্যসহ সদর থানার পাঁচ পুলিশ সদস্য। এ ঘটনায় আটক দুজনকে থানায় নিয়েছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের আমতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা লালমনিরহাট সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর কুড়িগ্রামের ফুলবাড়ী থেকে বড়বাড়ীর দিকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা চালকসহ পাঁচ ব্যক্তি আমতলা এলাকায় আটক করেন। এ সময় দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও মারামারি শুরু হয়। চিৎকার-চেঁচামেচি শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে তাঁদের ধাওয়া করেন। একপর্যায়ে স্থানীয়রা অটোরিকশাচালক এরশাদুল হক (৩৫) ও অপর পক্ষের রফিকুল ইসলাম অপুকে (৩৫) আটক করেন। অন্য চারজন পালিয়ে যান।

পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে লালমনিরহাট সদর থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ আটক দুজনকে হেফাজতে নিয়ে থানায় নিতে চাইলে স্থানীয়দের একটি পক্ষ বাধা দেয়। তাঁদের দাবি, বিষয়টি স্থানীয়ভাবে বসে মীমাংসা করা হবে।

এ নিয়ে পুলিশের সঙ্গে স্থানীয়দের বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কি শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত লোকজন পুলিশের ওপর চড়াও হন। এ সময় পুলিশের গাড়িতেও হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন। এতে সদর থানার এসআই এমরান আলী, নায়েক আনোয়ার হোসেন, পুলিশ সদস্য মামুন, লিটন ও এক নারী পুলিশ সদস্য আহত হন।

পুলিশ হেফাজতে নেওয়া রফিকুল ইসলাম অপু সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের সাদেকনগর গ্রামের মৃত শওকত আলীর ছেলে। অপরজন অটোরিকশাচালক এরশাদুল হক কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিদ্যাবাগীশ গ্রামের নুর মোহাম্মদের ছেলে।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ বলেন, ধারণা করা হচ্ছে, দুই পক্ষের মধ্যে আগে থেকেই কোনো বিরোধ ছিল। স্থানীয়দের ধাওয়ায় পালিয়ে যাওয়া চারজনের বাড়ি বড়বাড়ী এলাকায় হতে পারে। তাঁদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। আহত পুলিশ সদস্যরা লালমনিরহাট সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft