
সরকারি সেবায় সাধারণ মানুষের প্রবেশগম্যতা বৃদ্ধি, সেবা গ্রহণের প্রতিবন্ধকতা দূরীকরণ এবং সরকারি দপ্তরগুলোর সঙ্গে নাগরিকদের যোগাযোগ ও সমন্বয় জোরদারের লক্ষ্যে গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্থানীয় প্রশাসন ও নাগরিক ফোরামের সদস্যদের মধ্যে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়ন পরিষদের হলরুমে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
অ্যাম্বাসি অব সুইজারল্যান্ড, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা, ইউরোপীয় ইউনিয়ন এবং মানুষের জন্য ফাউন্ডেশনের যৌথ অর্থায়নে বাস্তবায়িত ‘নাগরিক’ প্রকল্পের আওতায় বেসরকারি সংস্থা আমরাই পারি ও অবলম্বন যৌথভাবে এ সংলাপের আয়োজন করে।
সংলাপে কৃষি, প্রাণিসম্পদ, মহিলা বিষয়ক অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর ও কমিউনিটি ক্লিনিকের সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের প্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তারা অংশ নেন। এ ছাড়া নাগরিক ফোরাম ও নাগরিক কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন।
সংলাপে সরকারি বিভিন্ন দপ্তরের সেবা সাধারণ মানুষের কাছে সহজলভ্য করা, সেবা গ্রহণের ক্ষেত্রে বিদ্যমান সমস্যা ও প্রতিবন্ধকতা চিহ্নিত করা এবং সেবার মানোন্নয়নে নাগরিকদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় নাগরিক ফোরামের সদস্যরা সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা এবং সরকারি সেবা গ্রহণের অভিজ্ঞতা তুলে ধরেন। অন্যদিকে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম, প্রদত্ত সেবার ধরন এবং সেবা গ্রহণের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।
সংলাপে সরকারি সেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সরকারি কর্মকর্তা ও নাগরিক প্রতিনিধিদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা এবং সমন্বয় বৃদ্ধির মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে মতবিনিময় হয়।
অংশগ্রহণকারীরা মনে করেন, এ ধরনের সংলাপ স্থানীয় পর্যায়ে সরকারি সেবার মানোন্নয়ন, নাগরিক অধিকার প্রতিষ্ঠা এবং সেবা প্রদানে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আজকালের খবর/কাওছার আল হাবীব