ঢাকাই চলচ্চিত্রের মুভিলর্ড ওদানবীর মনোয়ার হোসেন ডিপজলের মেজো ভাই আনোয়ার হোসেন আফজাল অসুস্থ। তার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এই অভিনেতা।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইয়ের একটি ছবি পোস্ট করে ডিপজল লিখেছেন, ‘আমার মেজো ভাই আনোয়ার হোসেন আফজাল বর্তমানে অত্যন্ত অসুস্থ। দেশবাসীসহ সকলের কাছে তার দ্রুত সুস্থতার জন্য আন্তরিকভাবে দোয়া কামনা করছি। মহান আল্লাহ যেন তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। আমিন।’
ডিপজলের এই পোস্টের পর তার ভাইয়ের সুস্থতা কামনা করে মন্তব্য করছেন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। তবে কী কারণে অসুস্থ হয়েছেন আনোয়ার হোসেন আফজাল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি অভিনেতা।
একসময় ঢাকাই চলচ্চিত্রে খলনায়ক হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন ডিপজল। তবে কাজী হায়াৎ পরিচালিত ‘তেজী’ সিনেমায় খল চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে আলোচনায় আসেন ডিপজল। ব্যতিক্রমী সংলাপ বলার ধরন, অভিনয়ের নিজস্ব স্টাইল এবং ভয়ংকর সব চরিত্রে উপস্থিতির কারণে দর্শকদের কাছে আলাদা পরিচিতি পান তিনি। বিশেষ করে প্রয়াত চিত্রনায়ক মান্নার সঙ্গে তার জুটি ছিল দর্শকদের কাছে বেশ জনপ্রিয়।
অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও সফল ডিপজল। অসংখ্য ব্যবসাসফল সিনেমা প্রযোজনার পাশাপাশি হল ব্যবসা ও চলচ্চিত্র পরিচালনার সঙ্গেও যুক্ত হয়েছেন তিনি। চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্বেও দায়িত্ব পালন করেছেন এই অভিনেতা। চলচ্চিত্র অঙ্গনের অনেকের কাছে তিনি একজন সহযোগিতাপ্রবণ ও দানশীল মানুষ হিসেবে পরিচিত।
বর্তমানে ডিপজল অভিনীত ও প্রযোজিত বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। তবে পেশাগত ব্যস্ততার বাইরে এখন পরিবারের অসুস্থ সদস্যের দ্রুত সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেতা।
আজকালের খবর/আতে