আজীবন সম্মাননায় ভূষিত হচ্ছেন চলচ্চিত্র অভিনেতা আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল। সাংস্কৃতিক সাংবাদিকদের সংগঠন কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) তাদের ২৫তম পারফরম্যান্স অ্যাওয়ার্ডে তাকে এ সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
আগামী ১৬ ডিসেম্বর ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে বসবে ‘সিজেএফবি’ পারফরম্যান্স অ্যাওয়ার্ডের ২৫তম আসর। ওই আয়োজনেই উজ্জ্বলের হাতে আজীবন সম্মাননা তুলে দেওয়া হবে।
সম্প্রতি এক চিঠির মাধ্যমে বিষয়টি অভিনেতাকে জানিয়েছে আয়োজক সংগঠন। চিঠিতে বলা হয়েছে, চলচ্চিত্রশিল্পে তার বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এবারের আসরে তাকে আজীবন সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার গ্রহণের জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়েছে।
‘সিজেএফবি’ জানায়, গত ২৪ বছরে সংগঠনটির আজীবন সম্মাননা পেয়েছেন দেশের সংস্কৃতি ও বিনোদন অঙ্গনের বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি। তাদের মধ্যে রয়েছেন শাহনাজ রহমতুল্লাহ, রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, সৈয়দ আব্দুল হাদী, গাজী মাজহারুল আনোয়ার, আলম খান, আজম খান, আতাউল হক চৌধুরী, হুমায়ূন আহমেদ, আবদুল্লাহ আল মামুন, কবরী, সুচন্দা, সুবর্ণা মুস্তাফা, জুয়েল আইচ, গোলাম সারওয়ার, শবনম ও তারিক আনাম খান।
উল্লেখ্য, দেশের জাতীয় দৈনিক, টেলিভিশন ও অনলাইন সংবাদমাধ্যমে কর্মরত সাংস্কৃতিক সাংবাদিকদের নিয়ে গঠিত সংগঠন সিজেএফবি। এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে এই আয়োজনের ২৫তম আসর।
আজকালের খবর/আতে