জার্মানির সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যালে প্রিমিয়ার হয়েছিল ‘রেহানা মরিয়ম নূর’খ্যাত নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদের মিনি সিরিজ ‘অ্যানি’। গত জুনে অনুষ্ঠিত এই উৎসবে প্রশংসিত হয়েছিল সিরিজটি। এবার সুইজারল্যান্ডে অনুষ্ঠিত ৩২তম জেনেভা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘ফিউচার ইজ সেন্সিবল অ্যাওয়ার্ড ফর বেস্ট সিরিজ’ জিতেছে অ্যানি।
গত শনিবার সুইজারল্যান্ডের জেনেভার মেজোঁ কম্যুনাল দ্য প্লেনপালের থিয়েটার পিটোয়েফে উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার ঘোষণা করা হয়। এই অর্জন প্রসঙ্গে অ্যানির কলাকুশলীদের পক্ষ থেকে জানানো হয়, ‘আমরা কেবল একটি গল্প বলতে চেয়েছিলাম। আজ সেই গল্পকে নিজ ডানায় ভর করে উড়তে দেখে খুব ভালো লাগছে। “অ্যানি” আমাদের অনেকের আস্থা ও সাহসের সম্মিলিত একটি স্বপ্নের দীর্ঘ যাত্রা। এই আন্তর্জাতিক স্বীকৃতি আমাদের সেই যাত্রাকে আরও বিশেষ ও স্মরণীয় করে তুলেছে।’
ডিস্টোপিয়া ঘরানার গল্পে নির্মিত অ্যানি সিরজের গল্প তৈরি হয়েছে অ্যানি নামের এক নারীকে ঘিরে। ছোট এক শহরের নার্স অ্যানি একা হাতে তার পাঁচ ভাইবোনকে বড় করার সংগ্রাম চালিয়ে যায়, যখন বাইরের পৃথিবী একটি অদ্ভুত ভাইরাসের মুখোমুখি। যে ভাইরাসে সংক্রমিত পুরুষেরা নারীদের প্রতি এক নিয়ন্ত্রণহীন ঘৃণায় উন্মত্ত হয়ে ওঠে। এক রাতে মুখোশধারী এক ব্যক্তি অ্যানির ওপর নৃশংস হামলা চালায়। এই সহিংসতা বদলে দেয় অ্যানিকে। নিজের ভেতরে জমে থাকা ঘৃণা বুকে নিয়ে প্রতিশোধপরায়ণ হয়ে ওঠে সে।
অ্যানি সিরিজ দিয়ে পাঁচ বছর বিরতির পর নতুন কাজ নিয়ে দর্শকের সামনে আসছেন আবদুল্লাহ মোহাম্মাদ সাদ। মিনি সিরিজটির নাম ভূমিকায় অভিনয় করেছেন নাজিফা তুষি। আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান, সাইমন সাদিক, সারিকা সাবরিন, ফারহানা মিঠু, নাজাহ প্রমুখ।
নির্মাতা জানিয়েছেন শিগগির ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে অ্যানি।
আজকালের খবর/আতে