কিছু গান হৃদয়ের গভীরে জায়গা করে নেয়, কিছু সুর মনে করিয়ে দেয় ভালোবাসা, আবেগ আর জীবনের না-বলা অনুভূতির কথা। শ্রোতাদের ঠিক তেমনই এক মায়াবী অনুভূতির সাগরে ভাসাতে সম্প্রতি মুক্তি পেয়েছে কণ্ঠশিল্পী তারান্নুম আফরীনের নতুন গান ‘মনচোরা বৈরাগী’। তারান্নুমের সঙ্গে গানটি দ্বৈতভাবে গেয়েছেন মম মজিদ।
গানটির কথা ও চমৎকার সুর তৈরি করেছেন রনক রায়হান। আধুনিক আর লোক-আঙ্গিকের এক অপূর্ব মিশ্রণে গানটির সংগীত আয়োজন করেছেন এস ডি সাগর। গানটিতে বাঁশির সুরে মায়াজাল বুনেছেন মামুন এবং ম্যান্ডোলিনের সুরে শ্রোতাদের মুগ্ধ করেছেন রাজিব ঘোষ। পুরো গানটির মিক্স ও মাস্টারিংয়ের দায়িত্বে ছিলেন মাহবুব মিনেল, যা গানটির শ্রুতিমধুরতা আরও বাড়িয়ে তুলেছে।
নতুন গান নিয়ে তারান্নুম আফরীন বলেন, বিজ্ঞানী বলেই হয়তো কোলাবোরেশান আমার ভীষণ প্রিয় একটা জায়গা। পেশাগত জীবনে বিভিন্ন দেশের গবেষক ও বিজ্ঞানীদের সঙ্গে কাজ করতে করতে একটা বিষয় খুব ভালোভাবে শিখেছি, ভালো কাজের জন্য শুধু মেধা নয়, পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস আর একসঙ্গে কাজ করার মানসিকতাটাও ভীষণ জরুরি। সেই ভালোবাসাটা আমার সংগীতের জগতেও নিয়ে আসতে চেষ্টা করেছি।
তিনি আরো বলেন, আমাদের নতুন মিউজিক ভিডিও ‘মনচোরা বৈরাগী’ এক ভালোবাসার কোলাবরেশন। মম মজিদের মতো একজন অসাধারণ গুণী শিল্পী এবং তার চেয়েও বড় কথা, এত সুন্দর মনের একজন মানুষের সঙ্গে কাজ করতে পেরে আমি এবং আমার পুরো টিম সত্যিই আনন্দিত। এই কাজটা আমাদের কাছে শুধু একটা গান বা মিউজিক ভিডিও নয়, এটা পারস্পরিক শ্রদ্ধা, শিল্পের প্রতি ভালোবাসা আর সুন্দর কিছু মানুষের একসঙ্গে পথচলার গল্প গবেষণাগারে হোক কিংবা সংগীতের স্টুডিওতে, আমি বিশ্বাস করি, প্রতিভা একা অনেক দূর যেতে পারে কিন্তু সুন্দর কোলাবরেশন একটা কাজকে অন্য উচ্চতায় নিয়ে যায়। আশা করছি, আমার নতুন গান-ভিডিও সবার ভালো লাগবে।
আজকালের খবর/আতে