রবিবার ● ৮ নভেম্বর ২০২৬
ঢাকা ও চট্টগ্রামে লাকি আলীর কনসার্ট
প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ৪:০৩ পিএম   (ভিজিট : ০)
২০২৩ সালে বাংলাদেশে গান শোনাতে এসেছিলেন বলিউড ও ইন্ডি-পপের জনপ্রিয় সংগীতশিল্পী লাকি আলী। সেবার নিজের শ্রোতাপ্রিয় গানগুলো দিয়ে মাতিয়ে তুলেছিলেন ঢাকার দর্শকদের। তিন বছর পর আবারও বাংলাদেশে আসছেন তিনি। তবে এবার শুধু ঢাকা নয়, চট্টগ্রামেও পারফর্ম করবেন লাকি আলী।

জানা গেছে, ‘লাকি আলী বাংলাদেশ ট্যুর’ শীর্ষক এই কনসার্ট আয়োজন করছে ইকিউব এন্টারটেইনমেন্ট। লজিস্টিক পার্টনার হিসেবে আছে ঢাকা ব্রডকাস্ট। আয়োজক প্রতিষ্ঠান ইকিউব জানিয়েছে, ১২ নভেম্বর চট্টগ্রামের র‌্যাডিসন ব্লু এবং ১৩ নভেম্বর ঢাকার মাদানি অ্যাভিনিউয়ের শেফ’স টেবিল কোর্টসাইডে গান শোনাবেন লাকি আলী।

আয়োজকেরা জানিয়েছেন, ইতিমধ্যে ঢাকার কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ চট্টগ্রামের কনসার্টের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। ঢাকা ও চট্টগ্রামের দুই ভেন্যুতেই লাকি আলীর সঙ্গে বাংলাদেশের একাধিক ব্যান্ড পারফর্ম করবে। সেই তালিকাও প্রকাশ করা হবে আজ।

কনসার্টের টিকিট পাওয়া যাচ্ছে ইকিউবের ওয়েবসাইটে। মোট তিন ক্যাটাগরিতে এই টিকিট বিক্রি হচ্ছে। দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার (জেনারেল), ৭ হাজার (প্রিমিয়াম) এবং ১২ হাজার (ভিআইপি) টাকা।

সাম্প্রতিক সময়ে বিদেশি শিল্পীদের একাধিক কনসার্ট স্থগিত হওয়ার কারণে লাকি আলীর কনসার্ট নিয়েও ফেসবুকে শঙ্কার কথা জানিয়েছেন অনেকে। এ বিষয়ে জানতে চাইলে আয়োজক প্রতিষ্ঠান ইকিউবের পক্ষ থেকে বলা হয়, ‘কনসার্টের অনুমতির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। সবুজসংকেত পাওয়ার পরই শুরু হয়েছে টিকিট বিক্রি। আশা করছি, শেষ পর্যন্ত প্রশাসনের সর্বাত্মক সহায়তা আমরা পাব। দর্শকদের দারুণ একটি কনসার্ট উপহার দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি আমরা।’

নব্বইয়ের দশকের ইন্ডি-পপ ও বলিউডের মেলোডি গানে নিজস্ব ও স্বতন্ত্র ধারা তৈরি করেছিলেন লাকি আলী। ১৯৯৬ সালে তাঁর প্রথম একক অ্যালবাম ‘সুনো’ প্রকাশিত হয়। এ অ্যালবামের ‘ও সানাম’ গানটি তাঁকে তারকাখ্যাতি এনে দেয়। বলিউডের প্লেব্যাকেও তিনি ছিলেন সমান সফল। ‘এক পল কা জিনা’, ‘না তুম জানো না হাম’, ‘আ ভি জা’, ‘জানে ক্যায়া ঢুন্ডতা হ্যায়’, ‘আহিস্তা’, ‘সফরনামা’র মতো জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। তবে ২০১৫ সালের পর প্লেব্যাক থেকে ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিয়ে স্বাধীন সংগীতে মনোযোগী হন এই শিল্পী।

আজকালের খবর/আতে










Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft