বিষ্ণুপুর ঘরানার সেতারবাদক পণ্ডিত মণিলাল নাগ মারা গেছেন। শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তিনি।
সোমবার গভীর রাতে কলকাতার এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ সময় তার বয়স হয়েছিল ৮৭ বছর।
বর্ষীয়ান এই শিল্পীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে কন্যা সেতারশিল্পী মিতা নাগ জানিয়েছেন, তার বাবার মরদেহ প্রথমে বাড়িতে নিয়ে আসা হবে।
তারপর সেখান থেকে প্রথমে সঙ্গীত অ্যাকাডেমিতে, পরে টালিগঞ্জের সঙ্গীত রিসার্চ অ্যাকাডেমিতে নিয়ে যাওয়া হবে তার মরদেহ। এই প্রতিষ্ঠানে কিছুদিন সেতার শিখিয়েছিলেন মণিলাল নাগ।
যেখানে প্রয়াত শিল্পীকে শ্রদ্ধা জানাতে পারবেন তার অগণিত ছাত্রছাত্রী এবং গুণমুগ্ধরা।
তিনি আরও জানান, এরপর মণিলাল নাগের নিয়ে মরদেহ নিয়ে যাওয়া হবে সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদে। যে সংস্থার সভাপতি ছিলেন তিনি। তারপর মঙ্গলবার বিকেলে কাশীপুর মহাশশ্মানে শেষকৃত্য সম্পন্ন হবে।
উল্লেখ্য, ১৯৩৯ সালের ১৬ আগস্ট পশ্চিমবঙ্গের বাঁকুড়ায় জন্মগ্রহণ করেন মণিলাল নাগ। তার বাবা গোকুল নাগ ছিলেন বিষ্ণুপুর ঘরানার সেতারবাদক। বাবার কাছেই সংগীতের হাতেখড়ি।
রবিশঙ্কর ও বিলায়েত খাঁয়ের পরবর্তী প্রজন্মের অন্যতম শ্রেষ্ঠ শিল্পী ছিলেন মণিলাল নাগ। সংগীত ক্যারিয়ারে অসংখ্য সম্মাননা পেয়েছেন তিনি। ২০০১ সালে মণিলাল নাগ সংগীত নাটক একাডেমি পুরস্কার লাভ করেন। ২০০৫ সালে ভারতের সংস্কৃতি মন্ত্রণালয় থেকে সিনিয়র ফেলোশিপ পুরস্কার পান। ২০২০ সালে ‘পদ্মশ্রী’ পুরস্কার পান এই শিল্পী।
আজকালের খবর/আতে