কৈশোরের কোনো এক মিষ্টি দুপুরে সাদাকালো বা রঙিন পর্দার দিকে অপলক তাকিয়ে থাকা একটি ছোট মেয়ে হয়তো বুঝতেই পারেনি, একদিন ঠিক ওই জাদুকরী আলোয় সে নিজেই হয়ে উঠবে রূপকথার এক রাজকন্যা। যশোরের মেয়ে, কিংবদন্তি নায়িকা ববিতার একনিষ্ঠ ভক্ত সিনথিয়া আশার গল্পটা ঠিক তেমনই এক রূপকথার মতো।
প্রতিবেদকের সাথে আলাপচারিতায় যখন এই নবাগত চিত্রনায়িকা তার স্বপ্নের পেছনের গল্প বলছিলেন, তখন তার চোখের কোণায় চিকচিক করছিল একরাশ প্রাপ্তির আনন্দ আর রোমাঞ্চ।
‘ববিতা ম্যাডামের প্রাণবন্ত অভিনয়ই আমাকে চলচ্চিত্রে অভিনয়ে প্রতি আকৃষ্ট করেছিলো,’—বেশ আবেগজড়িত কণ্ঠে বলছিলেন সিনথিয়া।
তিনি আরও যোগ করেন, ‘স্কুল জীবনে আমি যখন অষ্টম শ্রেণির ছাত্রী, তখন থেকেই ম্যাডামের অনবদ্য অভিনয় দেখে আমার ভেতর অভিনয়ের প্রতি ভালোলাগা আর তীব্র আগ্রহ জন্মাতে শুরু করে। সেই দিন থেকেই অবচেতন মনে একটা সুপ্ত ইচ্ছে ডানা মেলতে শুরু করেছিলো—একদিন আমিও এই বড় পর্দায় নিজেকে একজন সফল নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করবো।’
যশোর উপশহর মহিলা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের এই মেধাবী ছাত্রী পড়াশোনার পাশাপাশি সমান তালে মডেলিং ও অভিনয় চর্চা চালিয়ে যাচ্ছেন। স্কুল-কলেজের নানা সাংস্কৃতিক প্রতিযোগিতায় তার মুকুটে যুক্ত হয়েছে একাধিক পুরস্কারের স্বীকৃতি। তবে এবার আর কেবল পুরস্কারের গণ্ডি নয়, তার আজীবনের সেই স্বপ্ন সত্যি হতে চলেছে বড় পর্দায়।
সিনথিয়ার এই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জাদুকরি কাজটি করতে চলেছেন প্রতিশ্রুতিশীল চলচ্চিত্র নির্মাতা মুকুল নেত্রবাদী। তার পরিচালিত নতুন সিনেমা 'দুধমা'-এর মাধ্যমেই রূপালী পর্দায় অভিষেক হতে যাচ্ছে এই নবাগত নায়িকার।
সংস্কৃতির এই কণ্টকাকীর্ণ অথচ জাদুকরী পথে সিনথিয়ার চলার পথের সবচেয়ে বড় শক্তি ও প্রেরণা হয়ে পাশে আছেন তার বাবা মো. কামরুজ্জামান ও মা মিনু বেগম। এক ভাই ও এক বোনের মধ্যে সিনথিয়া সবার ছোট। বড় ভাই আলী আকবর খেলাধুলায় মগ্ন থাকলেও ছোট বোনের সামান্য কোনো সাফল্যেও উৎসাহ জোগাতে তিনি কখনো কার্পণ্য করেন না।
বড় পর্দায় এই অভিষেকের পেছনের গল্প জানতে চাইলে সিনথিয়া জানান, প্রোডাকশন ম্যানেজার মো. আজিজ ভাইয়ের মাধ্যমেই নির্মাতা মুকুল নেত্রবাদীর সাথে তার পরিচয় হয়।
আজকালের খবর/আতে