টেকসই অভিনয় শিল্পী হিসেবে হয়ে পরিচিতি পাওয়ার আগেই বিয়ের খবর জানালেন ছোটপর্দার অভিনয়শিল্পী নাজনীন নীহা। একইভাবে স্বামীর পরিচয় গোপন করে বিয়ের খবর জানিয়েছেন ছোটপর্দার আরেক অভিনেত্রী ও সঙ্গীতশিল্পী পারশা মাহজাবীন। তবে এমন খবরে চটেছেন সিনিয়র চলচ্চিত্র বিশ্লেষক ও সাংবাদিক মাহফুজুর রহমান। তিনি ‘বিয়ে করে বিদেশ পাড়ি জমানো’ শিল্পীদের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন।
জানা গেছে, রবিবার সৌদি আরবের মক্কায় পবিত্র কাবার সামনে সঙ্গীর সঙ্গে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্যাপশনে বিয়ের খবর জানিয়েছেন নীহা। কিন্তু সঙ্গীর পরিচয় কিংবা ছবি প্রকাশ করেননি অভিনেত্রী।
ক্যাপশনে নীহা লেখেন, ‘যে অধ্যায়টি আমরা এত দিন ব্যক্তিগত রেখেছিলাম, এবার সেই যাত্রার গল্প সবার সঙ্গে ভাগ করে নিতে পেরে আনন্দিত। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের যে সুন্দর বন্ধনে আবদ্ধ করেছেন এবং তাঁর পবিত্র ঘরে আমাদের একসঙ্গে আসার সুযোগ করে দিয়েছেন, তার জন্য অশেষ শুকরিয়া। আমাদের এই বন্ধন ও পথচলা যেন সব সময় বরকতে পরিপূর্ণ থাকে।’
অন্যদিকে, গত শনিবার বিয়ের খবর দিয়েছেন সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবিন। সোশ্যাল মিডিয়ায় ছবি প্রকাশ করে খবরটি নিশ্চিত করেছেন পারশা নিজে। তিনি জানান, গত ২৬ অক্টোবর দেশের বাইরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে তাঁর। তিনিও বরের পরিচয় গোপন রেখেছেন। জানা গেছে, প্রায় এক বছর আগে তাঁদের পরিচয়। সেখান থেকে শুরু ভালো লাগা, একপর্যায়ে বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা।
এদিকে অভিনয়শিল্পীদের বিয়ের খবরে চটেছেন সিনিয়র চলচ্চিত্র বিশ্লেষক ও সাংবাদিক মাহফুজুর রহমান। ‘বিয়ের এত তাড়া কীসের? গোটা জীবন পড়ে আছে। কবরী হও, সুবর্ণা হও, হেমামালিনী হও, সোফিয়া লরেন হও-’ উদাহরণ টেনে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহফুজ লিখেছেন, বিয়ের এত তাড়া কীসের? গোটা জীবন পড়ে আছে। কবরী হও, সুবর্ণা হও, হেমামালিনী হও, সোফিয়া লরেন হও। এখন তো কিছু বলাও যায় না। যার বিয়ে করার সে করবে। যার করার নয় সে করবে না। আমি আপনি বলার কে!
শোবিজে টেকশই অভিনেত্রী দরকার উল্লেখ করে মাহফুজ আরো লিখেন, বিয়ে করে বিদেশ যাওয়ার হিড়িক থামানো দরকার। মাধুরী দীক্ষিত, আয়েশা জুলকা, পূজা ভাট, সব ভারতে থাকে। ঋতুপর্ণা, ইন্দ্রানি, শতাব্দী, কেউ বিদেশে পাড়ি দেয়নি।
‘আমাদের অভিনেত্রীরা লম্বা ক্যারিয়ার চায় না। জাতীয় পুরস্কার চায় না। রাষ্ট্রের প্রতিনিধি হতে চায় না। টুপ করে ছাদনাতলায় চলে যায়। তারপর বিদেশে উড়াল। শিল্পীরও প্রেম করার হক আছে। বিয়ে করার অধিকার আছে। ভিনদেশে উন্নত জীবন বেছে নেওয়ার স্বাধীনতা আছে। কিন্তু এই পোড়া দেশটার কী হবে? এই দেশের শিল্পসংস্কৃতির কী হবে? তরুণদের ভেতর যদি দীর্ঘমেয়াদি লড়াই করার উদ্যম না থাকে, উঁচু আসনে যাওয়ার উচ্চাভিলাষ না থাকে, তাহলে কেমন করে হবে-’ প্রশ্ন ছুড়েন মাহফুজ।
আজকালের খবর/আতে