প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৪:৪২ পিএম (ভিজিট : ৬)
আহতদের একজন
ফের অশান্ত হয়ে উঠেছে ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের পদ্মার পাড়। আবারও গুলি বর্ষণ ও হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২ নভেম্বর) রাত পোনে ৯ টায় এ ঘটনা ঘটে।
গুলিতে আহত হন উপজেলার মাঝদিয়া খাঁপাড়া গ্রামের হামিদুল ইসলামের ছেলে অয়ন (১৮), ঈশ্বরদী পৌর এলাকার আমানুল্লার ছেলে আকাশ (২৬) ও মাঝদিয়ার তোরাব আলীর ছেলে সানোয়ার (৩০)।
এ ঘটনায় কাকন বাহিনী ও সাঁড়ার জামায়াতের নেতাকর্মীদের দায়ী করেছে আহতরা। ইতিপূর্বে এ ধরনের ঘটনা একাধিক বার ঘটেছে। আহত ও নিহত হয়েছে অনেকে।
আহত আকাশ জানান, ওই এলাকার কফিসপে বসে চা খাচ্ছিলেন তারা এ সময় নদী পথে দুটি স্পিডবোর্ডে ১৩-১৪ অস্ত্রধারী এসে এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে তাদের সাথে টুপি, জুব্বা, পাঞ্জাবী পরিহিত কিছু লোক তাদের সাথে যুক্ত হয়। সে সময় কফিসপ থেকে নুরু ঠাকুরের মোড় পর্যন্ত শতাধিক রাউন্ড গুলি করে ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা ও তান্ডব চালায়। এতে তারা আহত হন।
অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদ করায় এবং প্রতিকারের দাবীতে স্মারকলিপি প্রদান করায় এই হামলার ঘটনা ঘটে বলে দাবি করে এলাকাবাসী ও ভুক্তভোগীরা। ঘটনার পর তাৎক্ষণিক আহতের স্বজন ও এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল নিয়ে থানা অভিমুখে যায় এবং থানা গেট অবরোধ করে বিক্ষোভ করে।
এ ব্যাপারে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জামাল উদ্দীন জানান, দুই পক্ষের গোলাগুলির ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।