দিনাজপুর জেলার বিরামপুরে ছোট ভাইকে পিটিয়ে হত্যার প্রায় একমাস পর প্রধান আসামি মেজো ভাই স্কুল শিক্ষক এটিএম শামসুজ্জামানকে এসআরবি ও পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আটক করেছে।
সোমবার (২ নভেম্বর) দিবাগত রাতে আটকের পর মঙ্গলবার (৩ নভেম্বর) তাকে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
মামলা সূত্রে প্রকাশ, বিরামপুর পৌর শহরের কৃষ্টচাঁদপুর মহল্লায় আবাদি জমিতে ময়লা ফেলা নিয়ে কথা কাটাকাটির মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ও মেজো ভাইসহ সঙ্গীরা মিলে ছোট ভাই মুকুল হোসেনকে (৪০) লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে। এঘটনার পরদিন গত ০৬ অক্টোবর বিরামপুর থানায় একটি মামলা হয়েছে। পুলিশ তাৎক্ষনিক একজনকে আটক করে এবং অন্য অভিযুক্ত আসামিরা আত্মগোপনে চলে যান।
মামলার প্রধান আসামি নিহতের মেজো ভাই স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও কৃষ্টভাঁদপুর মহল্লার মনির উদ্দিনের ছেলে এটিএম শামসুজ্জামান আত্মগোপনে ছিলেন। দিনাজপুর এসআরবি-১৩ ও পুলিশ বিষেশ অভিযান চালিয়ে দিনাজপুরের দশমাইল এলাকা থেকে সোমবার (২ নভেম্বর) দিবাগত রাতে তাকে আটক করেন।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, মুকুল হত্যা মামলার প্রধান আসামি এটিএম শামসুজ্জামানকে মঙ্গলবার (৩ নভেম্বর) দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
আজকালের খবর/রাশেদুল মিলন