
ব্রাহ্মণবাড়িয়ার সদর, বিজয়নগর ও আখাউড়া উপজেলার কয়েকটি ইউনিয়ন নিয়ে ‘বরিশল’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাবের প্রতিবাদে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সোমবার (২ নভেম্বর) সকালে সদর উপজেলার চার ইউনিয়নের বিক্ষুব্ধ বাসিন্দারা কুমিল্লা-সিলেট মহাসড়কের পৌর শহরের কাউতলী মোড় ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করেন। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
এ সময় বিক্ষোভকারীরা সড়কে আগুন জ্বালিয়ে নতুন উপজেলা গঠনের প্রস্তাবের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। তাঁদের অভিযোগ, স্থানীয় জনগণকে না জানিয়ে এবং বিষয়টি গোপন রেখে নতুন উপজেলা গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ঘটনায় জেলা প্রশাসনের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।
পরে জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম রোমা, সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ চার ইউনিয়নের প্রতিনিধিত্বশীল ব্যক্তিরা জেলা প্রশাসক মো. আবুসাঈদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তাঁরা প্রস্তাবিত ‘বরিশল’ উপজেলা গঠনের উদ্যোগ বাতিলের দাবি জানিয়ে স্মারকলিপি দেন।
স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসক বিষয়টি এবং এ বিষয়ে স্থানীয় জনগণের মতামত সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার আশ্বাস দেন। পরে প্রায় এক ঘণ্টা পর বিক্ষোভকারীরা অবরোধ তুলে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
বিক্ষোভকারীরা জানান, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল, সুলতানপুর ও বাসুদেব ইউনিয়ন, বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়ন এবং আখাউড়া উপজেলার বরিশল ইউনিয়ন নিয়ে ‘বরিশল’ নামে নতুন উপজেলা গঠনের পরিকল্পনা করা হয়েছে। তাঁদের দাবি, জেলা বিএনপি নেতা কবীর আহমেদ ভূঁইয়ার পরিকল্পনার পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে সম্প্রতি স্থানীয় সরকার বিভাগ থেকে নতুন উপজেলা নিরীক্ষণের জন্য দাপ্তরিক পত্র পাঠানো হয়েছে বলেও তাঁরা উল্লেখ করেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট এলাকার জনগণের মতামত নেওয়া প্রয়োজন। তাঁদের মতামত উপেক্ষা করে নতুন উপজেলা গঠনের উদ্যোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাঁরা বর্তমান প্রশাসনিক কাঠামো অনুযায়ী সদর উপজেলার সঙ্গে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, সদর ও বিজয়নগর উপজেলার ইউনিয়নগুলো বিচ্ছিন্ন করে নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত নেওয়া হলে রেলপথ ও সড়কপথ অবরোধসহ কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
এ বিষয়ে জেলা প্রশাসক মো. আবুসাঈদ বলেন, চার ইউনিয়নের জনগণ নতুন উপজেলা গঠনের প্রস্তাবের প্রতিবাদে স্মারকলিপি দিয়েছেন। পুরো বিষয়টি এবং স্থানীয় জনগণের মতামত সরকারের ঊর্ধ্বতন মহলে অবহিত করা হবে।
আজকালের খবর/কাওছার আল হাবীব