সোমবার ● ২ নভেম্বর ২০২৬
লাইসেন্স ছাড়াই ব্যবসা, সান্তাহারে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৬:৩৫ পিএম   (ভিজিট : ১৭)
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভা এলাকায় ট্রেড লাইসেন্স নবায়ন না করে ব্যবসা পরিচালনার অভিযোগে পাঁচ ব্যবসায়ীকে মোট ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে সিমলা আবাসিক হোটেল তালাবদ্ধ করে দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে সান্তাহার পৌরসভা এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম।

অভিযানে উপস্থিত ছিলেন সান্তাহার পৌরসভার সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান তালুকদার, সহকারী লাইসেন্স পরিদর্শক জামাল উদ্দিনসহ পুলিশের সদস্যরা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সান্তাহার পৌর এলাকায় কয়েক বছর ধরে কিছু ব্যবসাপ্রতিষ্ঠান ট্রেড লাইসেন্স নবায়ন না করেই ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছিল। এ বিষয়ে পৌরসভার পক্ষ থেকে একাধিকবার লাইসেন্স নবায়নের জন্য তাগিদ দেওয়া হলেও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তা উপেক্ষা করে ব্যবসা চালিয়ে যাচ্ছিল। এতে পৌরসভার ট্রেড লাইসেন্স খাত থেকে রাজস্ব আদায় ব্যাহত হচ্ছিল।

এর পরিপ্রেক্ষিতে সোমবার দুপুরে অভিযান চালিয়ে ট্রেড লাইসেন্স নবায়ন না করে ব্যবসা পরিচালনার দায়ে আকরাম হোসেনকে ২ হাজার টাকা, জাহাঙ্গীরকে ৫০০ টাকা, সাবরিনাকে ৫০০ টাকা, আহসান হাবীবকে ১ হাজার টাকা এবং আবু সাঈদকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া সিমলা আবাসিক হোটেলটি তালাবদ্ধ করে দেওয়া হয়।

অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর মালিকদের দ্রুত ট্রেড লাইসেন্স নবায়ন এবং নিয়ম মেনে ব্যবসা পরিচালনার নির্দেশ দেন। পাশাপাশি পৌরসভার রাজস্ব আদায় নিশ্চিত করতে সব ব্যবসায়ীকে নিয়মিত ট্রেড লাইসেন্স নবায়নের আহ্বান জানান।

আজকালের খবর/কাওছার আল হাবীব








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft