সোমবার ● ২ নভেম্বর ২০২৬
লক্ষ্মীপুরে মোটরসাইকেল নিয়ে বিরোধ, হামলায় ব্যবসায়ী নিহত
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৬:১৮ পিএম   (ভিজিট : ১)
লক্ষ্মীপুরে ধার নেওয়া মোটরসাইকেল ফেরত চাওয়াকে কেন্দ্র করে হামলা ও মারধরের ঘটনায় হোসেন মিয়া (৫০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর ছেলে পল্লী চিকিৎসক সাইফুল ইসলামও আহত হয়েছেন। একই এলাকার শাকিল হোসেন ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন আহত সাইফুল।

রোববার (১ নভেম্বর) রাতে সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের কাজিরদিঘীরপাড় বাজারে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ অক্টোবর দুপুরে সাইফুল ইসলামের ব্যবহৃত মোটরসাইকেলটি একই বাড়ির শাকিল হোসেন কিছুক্ষণের জন্য নিয়ে যান। পরে মোটরসাইকেলটি ফেরত দেওয়ার কথা থাকলেও নানা অজুহাতে ১৩ দিন পার হয়ে যায়। রোববার রাতে সাইফুল ইসলাম তাঁর বাবা হোসেন মিয়াসহ কয়েকজনকে নিয়ে মোটরসাইকেলটি ফেরত চাইতে শাকিলের কাছে যান। এ সময় শাকিল নানা টালবাহানা শুরু করলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শাকিল ও তাঁর অনুসারীরা তাঁদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

এতে হোসেন মিয়া ও তাঁর ছেলে সাইফুল ইসলাম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হোসেন মিয়াকে মৃত ঘোষণা করেন।

নিহত হোসেন মিয়া কাজিরদিঘীরপাড় এলাকার সুলতান আহমেদ ভূঁইয়ার ছেলে। তিনি স্থানীয় বাজারে দর্জির ব্যবসা করতেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি হৃদরোগেও আক্রান্ত ছিলেন।

সদর হাসপাতালের মেডিকেল অফিসার জহুরুল ইসলাম রনি বলেন, হোসেন মিয়া নামে ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। ময়নাতদন্তের পর চূড়ান্ত প্রতিবেদন পাওয়া গেলে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অভিযুক্তদের আটকের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আজকালের খবর/কাওছার আল হাবীব








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft