সোমবার ● ২ নভেম্বর ২০২৬
বগুড়ায় চারমাথা-কামারগাড়ী সড়ক ৪ লেনে উন্নীতকরণে সমন্বয় সভা
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৬:৪৮ পিএম   (ভিজিট : ০)
বগুড়ার চারমাথা থেকে নূরানী মোড় হয়ে কামারগাড়ী লেভেল ক্রসিং (রেলঘুমটি) পর্যন্ত মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্প বাস্তবায়নে অংশীজনদের নিয়ে মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তর, ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও স্থানীয় প্রতিনিধিদের মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্ব দিয়েছেন সভায় অংশ নেওয়া বক্তারা। 

সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা এমপি। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।

সভায় বক্তারা বলেন, বগুড়া চারমাথা সেন্ট্রাল বাস টার্মিনাল থেকে নূরানী মোড় হয়ে কামারগাড়ী লেভেল ক্রসিং পর্যন্ত সড়কটি শহরের অন্যতম গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ ও আঞ্চলিক যোগাযোগ পথ। প্রতিদিন এ সড়ক দিয়ে বিপুলসংখ্যক যানবাহন চলাচল করে। সড়কটি চার লেনে উন্নীত করা হলে দীর্ঘদিনের যানজট ও জনদুর্ভোগ অনেকটাই কমবে। পাশাপাশি শহরের যোগাযোগব্যবস্থায় গতি আসবে এবং আঞ্চলিক সড়ক যোগাযোগ আরও উন্নত হবে।

প্রকল্পটি সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সরকারি দপ্তর, ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও স্থানীয় জনগণের মধ্যে সমন্বয় নিশ্চিত করার বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আনোয়ারুল আলম, বগুড়ার নির্বাহী প্রকৌশলী মো. রাশেদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আসাদুজ্জামান, বগুড়া মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু এবং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আতিকুর রহমান বাদল।

এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চেয়ারম্যান মমিনুর রশীদ শাইন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, জাহিদুল ইসলাম হেলাল, বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ মিটুল ও সাধারণ সম্পাদক সামসুজ্জামানসহ সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

সভায় প্রকল্প বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা, অংশীজনদের মতামত গ্রহণ এবং প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে কাজ এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

আজকালের খবর/কাওছার আল হাবীব








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft