"দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ" এই প্রতিপাদ্যে নেত্রকোণার খালিয়াজুরীতে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ রবিবার (০১ নভেম্বর) দুপুরে উপজেলা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব মোড় হয়ে শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ হল রুমে সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নূর আলমের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আলোচনা সভায় খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. অলিদুজ্জামানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন খালিয়াজুরী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহফুজুর রহমান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খালিয়াজুরী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান কেষ্ট, খালিয়াজুরী থানা অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দিন, উপজেলা যুবদল সভাপতি এনামুল হক ছোট, কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল আলিম, যুবসমাজ সংগঠক মোহন দেব রায়, ইউনিয়ন মহিলা ভাইস চেয়ারম্যান (১,২,৩) ফেরদাউস আরা, ৪ নং ওয়ার্ড মেম্বার মজলু মিয়া ও সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা যুবসমাজের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা তৈরির ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, তরুণদের মেধা ও কর্মস্পৃহাকে সঠিক প্রশিক্ষণ এবং আর্থিক সহায়তার মাধ্যমে কাজে লাগাতে পারলে দেশের বেকারত্ব দূর হবে এবং জাতীয় অর্থনীতি আরও সমৃদ্ধ হবে।
তাছাড়া অনুষ্ঠান শেষে প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে সহজ শর্তে ঋণ প্রদান করা হয়।
আজকালের খবর/বিএস