সোমবার ● ২ নভেম্বর ২০২৬
উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, গ্রেপ্তার ১
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ৫:৫১ পিএম   (ভিজিট : ৫)
কুড়িগ্রামের উলিপুরে যৌতুকের দাবিতে নাসরিন জাহান নামে এক গৃহবধূকে নির্যাতনের পর হত্যার অভিযোগে দায়ের করা মামলায় মো. দুলাল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।

গত শনিবার (৩১ অক্টোবর) রাতে রংপুর মহানগরীর কোতোয়ালি থানার কেরানীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। রোববার (১ নভেম্বর) বিকেলে এসআরবি-১৩-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার দুলাল উলিপুর উপজেলার কবির মাহমুদ গ্রামের মৃত পাগলার ছেলে। তিনি এ মামলার তিন নম্বর এজাহারনামীয় আসামি।

এসআরবি-১৩-এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রায় তিন বছর আগে মামলার প্রধান অভিযুক্ত আলমগীরের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় নাসরিন জাহানের। বিয়ের পর থেকে আলমগীরের পরিবার যৌতুক হিসেবে ৭০ হাজার টাকা দাবি করে আসছিল। এর মধ্যে নাসরিনের পরিবার ২৫ হাজার টাকা দিলেও বাকি ৪৫ হাজার টাকার জন্য তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৮ অক্টোবর যৌতুকের বাকি টাকা কবে দেওয়া হবে, তা জানতে বাবাকে ফোন করেন নাসরিন। এ সময় তাঁর বাবা নুর ইসলাম ধান কেটে টাকা দেওয়ার কথা জানান। পরদিন ২৯ অক্টোবর সকাল ৬টা ৪০ মিনিটে মেয়ের মৃত্যুর খবর পান তিনি।

খবর পেয়ে পরিবারের সদস্যরা উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ফকির মোহাম্মদ নামার চর এলাকায় আলমগীরের বাড়িতে যান। সেখানে নাসরিনের শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে পিঠ, গলা ও হাতে আঘাতের চিহ্ন দেখতে পান বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় নাসরিনের বাবা নুর ইসলাম বাদী হয়ে গত ২৯ অক্টোবর উলিপুর থানায় হত্যা মামলা করেন। মামলার পর আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করে এসআরবি-১৩। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগরীর কেরানীপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুলালকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft