রবিবার ● ১ নভেম্বর ২০২৬
নান্দাইলে রাস্তার ইট লুটের প্রতিবাদে মানববন্ধন
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ৬:৩৪ পিএম   (ভিজিট : ৬)
ময়মনসিংহের নান্দাইলে সরকারি অর্থায়নে নির্মিত রাস্তার ইটের সলিং তুলে নেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। তাঁদের অভিযোগ, রাতের আঁধারে দুর্বৃত্তরা রাস্তার ইট তুলে নিয়ে গেছে। এতে মাদ্রাসার শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দাদের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

রোববার (১ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার খারুয়া ইউনিয়নের হালিউড়া গ্রামে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা জানান, ২০২৬-২০২৭ অর্থবছরের কাবিটা প্রকল্পের আওতায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে খারুয়া ইউনিয়নের রাজাবাড়িয়া-খারুয়া সড়কের হালিউড়া দারুল কোরআন নূরানী হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসার রাস্তা ইটের সলিং করা হয়। কিন্তু তিন দিন আগে রাতের আঁধারে দুর্বৃত্তরা রাস্তার ইট তুলে নিয়ে যায়। এতে মাদ্রাসার শিশু শিক্ষার্থী ও এলাকাবাসীর চলাচলে সমস্যা দেখা দিয়েছে।

বক্তারা বলেন, একটি মাদ্রাসা, ঈদগাহ মাঠ ও স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের সুবিধার্থে রাস্তাটি নির্মাণ করা হয়েছিল। সরকারি অর্থায়নে নির্মিত রাস্তার ইট তুলে নেওয়ার ঘটনায় তাঁরা ক্ষুব্ধ। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী আব্দুস সাত্তার, সদস্য মাহমুদ হোসেন, খারুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউল করিম অলি, যুবদল নেতা সিদ্দিকুর রহমান সোহেল, স্বেচ্ছাসেবক দল নেতা জুম্মন ভূঁইয়াসহ স্থানীয় বাসিন্দা ও মাদ্রাসার শিক্ষার্থীরা।

প্রকল্পের সভাপতি জুম্মন ভূঁইয়া বলেন, ‘একটি মাদ্রাসা, ঈদগাহ মাঠ ও এলাকাবাসীর চলাচলের সুবিধার জন্য রাস্তাটি ইটের সলিং করা হয়েছিল। এরপরও একটি কুচক্রী মহল রাতের আঁধারে ইটগুলো তুলে নিয়ে গেছে। যারা এ অপরাধের সঙ্গে জড়িত, তাদের বিচার দাবি করছি।’

এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের জন্য পুলিশ তৎপর রয়েছে।

নান্দাইল উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল হক তারেক বলেন, রাস্তার ইট তুলে নেওয়ার ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।


আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft