
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে নেত্রকোনার খালিয়াজুরীতে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মধ্যে ঋণ বিতরণ করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব মোড় হয়ে শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নূর আলমের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. অলিদুজ্জামান।
সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহফুজুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান কেষ্ট, খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন, উপজেলা যুবদলের সভাপতি এনামুল হক ছোট, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল আলিম, যুবসমাজ সংগঠক মোহন দেব রায়, সংরক্ষিত নারী আসনের সদস্য ফেরদাউস আরা, ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মজলু মিয়া এবং স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
আলোচনা সভায় বক্তারা যুবসমাজের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি ও নতুন উদ্যোক্তা তৈরির ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, তরুণদের মেধা ও কর্মস্পৃহাকে যথাযথ প্রশিক্ষণ এবং আর্থিক সহায়তার মাধ্যমে কাজে লাগাতে পারলে বেকারত্ব হ্রাসের পাশাপাশি জাতীয় অর্থনীতি আরও সমৃদ্ধ হবে।
বক্তারা আরও বলেন, দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তরুণদের কর্মমুখী প্রশিক্ষণ, উদ্যোক্তা হওয়ার সুযোগ এবং প্রয়োজনীয় আর্থিক সহায়তা নিশ্চিত করতে হবে।
আলোচনা সভা শেষে প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মধ্যে সহজ শর্তে ঋণ বিতরণ করা হয়।
আজকালের খবর/কাওছার আল হাবীব