মা ইলিশ সংরক্ষণ ও নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ফেনী নদী ও এর মোহনায় বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে স্থানীয় উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।
শনিবার (১০ অক্টোবর) সকালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইউসুফ মিয়া এবং ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ও উপজেলা মৎস্য কর্মকর্তা তাছলিমা আক্তারের যৌথ নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা বিজয় কুমার পাল জানান, অভিযান পরিচালনাকালে নদীতে কোনো জেলেকে মাছ ধরতে দেখা যায়নি। তবে নদী থেকে অবৈধভাবে বসানো প্রায় ৩ হাজার মিটার চরঘেরা জাল জব্দ করা হয়েছে।
উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, মা ইলিশের প্রজনন সুরক্ষা নিশ্চিতে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ফেনী নদী ও এর মোহনায় ইলিশসহ সব ধরনের মাছ আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এ সময় ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয়, প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ ও বিনিময় আইনত দণ্ডনীয় অপরাধ।
অভিযানে সোনাগাজী মডেল থানা পুলিশের একটি দল এবং স্থানীয় মৎস্যজীবীরা সার্বিক সহযোগিতা প্রদান করেন। জনস্বার্থে ও মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।
আজকালের খবর/কাওছার আল হাবীব