বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬
ঝিনাইগাতীতে জমি জবরদখল ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৫:৪৭ পিএম   (ভিজিট : ১০)
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বনগাঁও জিগাতলা গ্রামে পৈতৃক ও ক্রয়কৃত রেকর্ডভুক্ত জমি অবৈধভাবে দখল ও আত্মসাতের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে একটি ভুক্তভোগী পরিবার। বুধবার (৭ অক্টোবর) দুপুরে বনগাঁও জিগাতলা গ্রামে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য মমতা খাতুন।

লিখিত বক্তব্যে জানানো হয়, বনগাঁও মৌজার খতিয়ান নম্বর ১০৭-এর অন্তর্ভুক্ত বিভিন্ন দাগে মোট ১২ একর ২৮ শতাংশ আবাদি ও বসতজমি রয়েছে। এর মধ্যে ২ একর ৪৫ শতাংশ জমি মৃত আলিমুদ্দিনের ওয়ারিশ ও সন্তান আব্দুল হামিদ, আব্দুর রশিদ, হানিফ উদ্দিন, বাচ্চু মিয়া ও আহিলা খাতুন উত্তরাধিকার সূত্রে এবং সাফ-কবলা দলিলের মাধ্যমে মালিক হয়েছেন। তারা দীর্ঘদিন ধরে আরএস রেকর্ড অনুযায়ী শান্তিপূর্ণভাবে ওই জমি ভোগদখল করে আসছেন।

ভুক্তভোগীদের অভিযোগ, পূর্ববিরোধের জের ধরে প্রতিবেশী মৃত আব্দুস ছাত্তারের ছেলে মো. ইসমাইল হোসেন, আলমাস হোসেন, মৃত আব্দুল হামিদের ছেলে মিজান মিয়া, মৃত আব্দুল বারিকের ছেলে কাদির মিয়া, আবু বক্কর এবং মৃত আইজ উদ্দিনের ছেলে আমির উদ্দিন মাস্টারসহ কয়েকজন দীর্ঘদিন ধরে তাদের নানাভাবে হয়রানি করে আসছেন।

জমির বিরোধের ইতিহাস তুলে ধরে সংবাদ সম্মেলনে বলা হয়, ১৯৮৯ সালে বাচ্চু মিয়ার বাবা আলিমুদ্দিন একটি বাটোয়ারা মামলা করেন। যার পক্ষে ২০০০ সালের ১৪ নভেম্বর আদালত রায় এবং ২১ নভেম্বর ডিক্রি প্রদান করেন। পরবর্তী সময়ে বিবাদীপক্ষ আপিল করলেও আদালত পূর্বের ডিক্রিই বহাল রাখেন। বর্তমানে ২০০৬ সালের একটি আপিল মামলা উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে।

ভুক্তভোগী পরিবারটির আরও অভিযোগ, সম্প্রতি প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের বসতবাড়িতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। এছাড়া চলাচলের রাস্তায় বাধা সৃষ্টি, গবাদিপশুর ক্ষতি করা এবং পুকুরের মাছ জোরপূর্বক ধরে নিয়ে যাওয়ার মতো ঘটনাও ঘটানো হচ্ছে। এসব বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদে একাধিকবার সালিশ-বৈঠক হলেও কোনো সুরাহা হয়নি। দীর্ঘদিনের এই বিরোধের জেরে পরিবারটি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে এবং বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছে।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা তাদের দাবি করা ২ একর ৪৫ শতাংশ জমির দখল ও মালিকানা সুরক্ষা, জানমালের নিরাপত্তা নিশ্চিত এবং সম্পূর্ণ ঘটনার নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft