চুয়াডাঙ্গার দামুড়হুদায় পুকুরের পানিতে ডুবে সিয়াম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৪ অক্টোবর) সকালে উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুর মাঝপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত সিয়াম কুতুবপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
স্থানীয় ও পরিবারের সদস্যরা জানান, বাড়ির পাশের পুকুরপাড়ে সিয়াম ও তার সমবয়সী চাচাতো ভাই সাইম খেলছিল। খেলাধুলার একপর্যায়ে সিয়াম হঠাৎ পুকুরের পানিতে পড়ে যায়। বিষয়টি টের পেয়ে সাইম দ্রুত বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খবর দেয়।
পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা পুকুরে খোজাখুজি করে সিয়ামকে উদ্ধার করেন। তবে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ উদ্দীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আজকালের খবর/রাশেদুল মিলন