সোমবার ● ৫ অক্টোবর ২০২৬
সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, বনরক্ষীদের তৎপরতায় রক্ষা ৯৭ পর্যটক
প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ১:২২ পিএম   (ভিজিট : ৭)
বাগেরহাটের পূর্ব সুন্দরবনের কটকা অভয়ারণ্য এলাকায় পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। বনরক্ষীদের চার রাউন্ড গুলিবর্ষণে ওই চেষ্টা পণ্ড হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) রাত ৯টার দিকে সুন্দরবনের কটকা খালের সাগর মোহনায় নোঙর করে থাকা পর্যটকবাহী জাহাজ ‘দি ওয়েভ-২’-এর কাছে এ ঘটনা ঘটে।

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার তানভির হাসান ইমরান শনিবার রাত ১১টার দিকে মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অজ্ঞাতপরিচয় একটি বনদস্যু দলের সদস্যরা ইঞ্জিনচালিত একটি ফিশিং ট্রলারে করে রাত ৯টার দিকে কটকা খালের সাগর মোহনায় নোঙর করে থাকা পর্যটকবাহী জাহাজ ‘দি ওয়েভ-২’-এর দিকে এগিয়ে আসছিল। এ সময় কটকার মোহনায় সাগরে অবস্থানরত জেলেরা মোবাইল ফোনে বনরক্ষীদের বিষয়টি জানান।

খবর পেয়ে বনরক্ষীরা তাৎক্ষণিকভাবে একটি বোট নিয়ে ঘটনাস্থলের দিকে গিয়ে সন্দেহভাজনদের ধাওয়া করেন। একপর্যায়ে তাদের লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোড়া হয়। গুলির মুখে ট্রলারের গতিপথ পরিবর্তন করে দ্রুত সাগরের দিকে পালিয়ে যায় তারা।

বর্তমানে ‘দি ওয়েভ-২’ জাহাজসহ অপর একটি পর্যটকবাহী জাহাজ ‘আরালসী’ কটকা এলাকায় অবস্থান করছে। এ দুটি জাহাজে দেশি বিদেশি মিলিয়ে মোট ৯৭ জন পর্যটক রয়েছেন বলে জানান ‘দিওয়েভ-২-এর মাস্টার মোঃ শামিম আলম।

বাগেরহাটের সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, কটকায় পর্যটকবাহী জাহাজের দিকে বনদস্যুদের এগিয়ে আসার খবরটি উদ্বেগজনক। এর আগে এমন ঘটনা ঘটেনি।তিনি আরও বলেন, সম্প্রতি সুন্দরবনে বনদস্যুদের অপতৎপরতা বেড়েছে। তারা জেলেদের ধরে জিম্মি করে মুক্তিপণ আদায় করছে। বনদস্যু দমনে সুন্দরবনে কোস্টগার্ডের রাতের টহল জোরদার করা প্রয়োজন।

এদিকে রাতের এ ঘটনায় পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও বনরক্ষীদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft