”ক্রীড়া শক্তি, ক্রীড়াই বল”—এই স্লোগানকে সামনে রেখে তরুণ প্রজন্মকে মাদক ও জুয়া থেকে দূরে রাখতে খেলাধুলার ওপর সর্বোচ্চ জোর দিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই। তাদের এমনভাবে খেলাধুলায় ব্যস্ত রাখতে হবে যাতে তাদের শারীরিক ও মানসিক গঠন সুস্থ ও সুন্দর হয়।
শনিবার (৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে দিনাজপুরের বিরামপুর মিনি স্টেডিয়ামে ‘মরহুমা খালেদা জিয়া স্মৃতি গোল্ড কাপ প্রীতি ফুটবল টুর্নামেন্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, “আগামীর তরুণ প্রজন্মকে যদি আমরা রক্ষা করতে চাই, তবে তাদের পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক গঠনে খেলাধুলাসহ অন্যান্য ইতিবাচক মাধ্যমে উৎসাহী করতে হবে। রাজনীতির বাইরেও সমাজ গঠনে শিক্ষক, ব্যবসায়ী, কৃষক-শ্রমিকসহ সব পেশাজীবী মানুষের নাগরিক দায়িত্ব রয়েছে। সেই লক্ষ্যেই দলমত নির্বিশেষে আমাদের এই আয়োজন।”
টুর্নামেন্টের বিস্তারিত তুলে ধরে তিনি জানান, স্থানীয় ২৬টি দল নিয়ে এই টুর্নামেন্ট শুরু হয়েছে। এর মধ্যে নবাবগঞ্জ, বিরামপুর, ঘোড়াঘাট ও হাকিমপুর—এই চার উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার দলগুলো অংশ নিচ্ছে। প্রথম রাউন্ডে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
এর আগে বেলুন ও কবুতর উড়িয়ে খেলার শুভ উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল ইসলাম। খেলা শুরুর পূর্বে একটি মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল ইসলাম এবং সমাজকল্যাণ মন্ত্রীর স্ত্রী ডা. শরিফা করিম স্বর্ণা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আহ্বায়ক ও হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, জেলা বিএনপির সহ-সভাপতি তোসাদ্দেক হোসেন তোসা, সাবেক ভিপি কমর সেলিম, বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিঞা মো. শফিকুল ইসলাম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, পৌর যুবদলের আহ্বায়ক অ্যাড. মিঞা শিরন আলম, সদস্য সচিব পলাশ বিন আশরাফীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও ক্রীড়াপ্রেমী সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
আজকালের খবর/কাওছার আল হাবীব