সুনামগঞ্জের মধ্যনগর বাজার দারুল উলুম মাদানিয়া কওমি মাদ্রাসায় শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের নৈতিক ও দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় উৎসাহিত করার লক্ষ্যে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। মাদ্রাসার সভাপতি হাজী খোরশেদ আলমের সভাপতিত্বে এবং শিক্ষা সচিব মাওলানা আবুল বারাকাতের সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত করেন হাফেজ জুনায়েদ আহমেদ।
সমাবেশে বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত মাদ্রাসায় উপস্থিতি, পড়ালেখায় মনোযোগ বৃদ্ধি, শৃঙ্খলা এবং নৈতিক চরিত্র গঠনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তারা বলেন, কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি সময়োপযোগী আধুনিক জ্ঞান অর্জনের সুযোগ সৃষ্টি করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এছাড়া শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে অভিভাবকদের আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাদ্রাসার মোহতামিম মাওলানা ফাজিল আহমদ, সহ-সভাপতি রাশেদ আলম মাস্টার, কোষাধ্যক্ষ ও বিশিষ্ট ব্যবসায়ী হাজি আমিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মধ্যনগর উপজেলা আমির মাওলানা আব্দুল কুদ্দুস, মধ্যনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল আউয়াল মিছবাহ, সাংবাদিক আব্দুল মান্নান, মাওলানা নূরুল হুদা, কমিটির সদস্য আবুল হাসিম, ব্যবসায়ী ওলি উল্লাহ, সহকারী শিক্ষক কামাল উদ্দিন, হাফেজ মাহবুবুর রহমান, মাওলানা এমদাদ উল্লাহ, জেনারেল শিক্ষক সাহেব আলী মাস্টার। অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন মধ্যনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তিতাস মাহমুদ, সানোয়ার হোসেন ও রমজান আলী প্রমুখ।
আজকালের খবর/কাওছার আল হাবীব