গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের তালুক ফলগাছা মণ্ডলপাড়া এলাকায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) ১১ টার দিকে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র্যালিতে অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে ঐ এলাকার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন মাদকবিরোধী কমিটির আহ্বায়ক, বিশিষ্ট সমাজসেবক ও আলিফ ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মো. সাজেদুল ইসলাম, বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এম এ গাফফার মোল্লা, যুগ্ম আহ্বায়ক মমতাজুর রহমান, বামনডাঙ্গা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. রাশেদুল ইসলাম বাবু, বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুস সবুর মিয়া, প্রভাষক মাহফুজুর রহমান, শিক্ষক সাইদুর রহমান, সমাজসেবক আব্দুর গফুর মন্ডল প্রমুখ।
বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য ক্ষতিকর। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, সমাজ ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা আরও বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে শুধু আইন প্রয়োগ নয়, পাশাপাশি পরিবার ও সমাজের সচেতনতা বাড়ানো জরুরি। তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ইতিবাচক সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করার আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে তালুক ফলগাছা, মণ্ডলপাড়া, বামনডাঙ্গাসহ আশপাশের এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
আজকালের খবর/রাশেদুল মিলন