গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শোভাগঞ্জ এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
৩ অক্টোবর (শনিবার) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শোভাগঞ্জ এলাকার গাজীর বাড়িতে অভিযান পরিচালনা করে গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসন। অভিযানে মাদক সেবনরত অবস্থায় পাঁচজনকে আটক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সুন্দরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহরাব আল আকাশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যক্তিদের মধ্যে একজনকে চার মাস এবং অপর চারজনকে তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়।
এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আহরাব আল আকাশ বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আজকালের খবর/রাশেদুল মিলন