বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬
শেরপুরে প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৩ পিএম   (ভিজিট : ৬৮)
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কুচনীপাড়া মৌজায় দীর্ঘদিনের বসতভিটা ও আইনানুগভাবে ক্রয়কৃত সম্পত্তি নিয়ে বিরোধ, হয়রানি, ভয়ভীতি প্রদর্শন এবং জোরপূর্বক জবরদখলের চেষ্টার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন মো. আহাম্মদ শরীফ নামের এক ব্যক্তি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে কুচনীপাড়া বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ তুলে ধরেন এবং বিরোধের একটি শান্তিপূর্ণ ও আইনানুগ নিষ্পত্তির দাবি জানান।

লিখিত বক্তব্যে আহাম্মদ শরীফ বলেন, তাদের পরিবার প্রায় ৭০ থেকে ৮০ বছর ধরে কুচনীপাড়া মৌজার ওই জমিতে স্থায়ীভাবে বসবাস করে আসছে। সেখানে বসতবাড়ি নির্মাণ করে দীর্ঘদিন ধরে তারা শান্তিপূর্ণভাবে সম্পত্তি ভোগদখল করে আসছেন। এছাড়া বিরোধীয় সম্পত্তির একটি অংশ তারা আইনানুগভাবে ক্রয়ও করেছেন। এ সংক্রান্ত বৈধ ক্রয় দলিল, নামজারি বা খারিজ এবং হালনাগাদ খাজনা পরিশোধের রসিদসহ যাবতীয় প্রয়োজনীয় কাগজপত্র তাদের কাছে সংরক্ষিত রয়েছে বলে তিনি জানান।

তিনি আরও অভিযোগ করেন, সম্প্রতি মৃত উমর আলীর ছেলে লিয়ারত আলী ও সাদিকুর রহমান এবং মৃত আব্দুল করিমের ছেলে শাহজালালের সাথে ওই সম্পত্তি নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, শেরপুরের আদালতে একটি পিটিশন মামলা (নং-৪০২/২০২৬) দায়ের করা হয়। ওই মামলার প্রেক্ষিতে গত ২৭ আগস্ট ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারার আওতায় একটি নোটিশ জারি করা হয়। নোটিশে ঝিনাইগাতী উপজেলার কুচনীপাড়া মৌজার মোট ৫৭ শতাংশ জমি বিরোধীয় তফসিল হিসেবে উল্লেখ করে উভয় পক্ষকে শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং সম্পত্তিতে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়।

আহাম্মদ শরীফ দাবি করেন, আদালতের নির্দেশনা সত্ত্বেও প্রতিপক্ষের লোকজন তাদের পরিবারকে বিভিন্নভাবে হয়রানি করে যাচ্ছেন। পাশাপাশি ভয়ভীতি প্রদর্শন, প্রাণনাশের হুমকি এবং জোরপূর্বক জমি দখলের চেষ্টার কারণে তিনি ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, তারা কোনো ধরনের সংঘাত চান না এবং আইন নিজের হাতে তুলে নিতেও ইচ্ছুক নন। আদালতের নির্দেশনা অনুযায়ী বিরোধীয় সম্পত্তিতে স্থিতাবস্থা বজায় রাখা এবং হুমকি ও জবরদখলের চেষ্টা বন্ধে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন তিনি। একই সাথে বৈধ কাগজপত্র যাচাই করে সঠিক বিচার দাবি করেন তিনি।

এ বিষয়ে অভিযুক্ত লিয়ারত আলী, সাদিকুর রহমান ও শাহজালালের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের বক্তব্য পাওয়া যায়নি। পরবর্তীতে তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft