গাজীপুরের শ্রীপুরে বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে আপত্তিকর গালাগালির ভিডিও পোস্ট দেওয়ার পর আশরাফুল ইসলাম সজল (২৬) নামের এক যুবককে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আদালতে নেয়া হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত রবিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সোমবার তাকে আদালতে সোপর্দ করা হয়। পুলিশ জানিয়েছে, তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ার জন্য নয়, বরং সন্ত্রাস বিরোধী আইনে করা একটি মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার আশরাফুল ইসলাম সজল উপজেলার বরামা গ্রামের ইমতিয়াজ উদ্দীনের ছেলে। তিনি জাতীয় নাগরিক পার্টি শ্রীপুর উপজেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য বলে দাবি করেছেন উপজেলা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব মামুন হাসান।
আশরাফুল ইসলাম সজলের ফেসবুকে দেওয়া একটি পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে তার আইডিতে গিয়ে সেই স্ট্যাটাস পাওয়া যায়নি। তার দেওয়া ফেসবুক পোস্টের ছড়িয়ে পড়া স্ক্রিনশটে অতিরিক্ত বিদ্যুৎ বিল এসেছে দাবি করে বর্তমান সরকার ও সরকার প্রধানকে নিয়ে অত্যন্ত অশালীন ভাষায় গালির তথ্য দেখা গেছে। ওই স্কিনশটে পল্লীবিদ্যুতের একটি বিলের অনলাইন কপি শেয়ার করা হয়েছে।
গ্রেপ্তার আশরাফুল ইসলাম সজলের মা আসমা আক্তার বলেন, তার ছেলে বিদ্যুৎ বিল বেশি আসা নিয়ে একটি পোস্ট দিয়েছিল। পুলিশ তাকে জানিয়েছে ফেসবুকে বিদ্যুৎ বিল নিয়ে পোস্ট আর মন্তব্য করায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি দাবি করেন, তার ছেলে সহজসরল। তাই ভুল করতে পারে। তিনি বলেন, অনেকেই এই পোস্ট ডিলিট করতে বলেছে। এর পর আমার ছেলে পোস্ট ডিলিট করে দেয়। তবুও তাকে গ্রেপ্তার করা হলো, এটা মানতে পারিনা।
জাতীয় নাগরিক পার্টির শ্রীপুর উপজেলা শাখার আহবায়ক আবু রায়হান মেজবাহ এই গ্রেপ্তারের নিন্দা জানিয়ে বলেন, সজল আমাদের কর্মী। দলীয় পরিচয় নিশ্চিত জেনেও তাকে গ্রেপ্তার করা হলো। প্রসাশন এখনো নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নিয়ন্ত্রণে। তাদের ফ্যাসিবাদি কাজ চলছেই। সে ধারাবাহিকতায় সজলকে বিনা অপরাধে গ্রেপ্তার করা হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কোনো ফেসবুক স্ট্যাটাসের জন্য না, বরং আমরা তাকে গ্রেপ্তারের অনেক পরে বিভিন্ন মাধ্যমে তার ফেসবুক স্ট্যাটাস দেখেছি। তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
আজকালের খবর/বিএস