বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬
সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৭ পিএম   (ভিজিট : ১০)
সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর বিএনপি। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে সালনা থেকে বের হওয়া মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে সালনা ও চৌরাস্তার মাঝামাঝি এলাকায় গিয়ে এক সমাবেশে মিলিত হয়। এ সময় সন্ত্রাস ও নৈরাজ্যবিরোধী স্লোগানে মহাসড়ক মুখরিত হয়ে ওঠে।

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকেল চারটার দিকে গাজীপুর মহানগরীর সালনা নাসির উদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে মিছিলটি বের হয়। এতে নেতৃত্ব দেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার এবং সাধারণ সম্পাদক ও গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি।

মিছিলটি সালনার প্রধান সড়ক হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ওঠে। পরে মহাসড়কের সালনা ও চৌরাস্তার মাঝামাঝি অংশে সমাবেশ অনুষ্ঠিত হয়।

গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন- ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী ছায়েদুল আলম বাবুল। 

সভা সঞ্চালনা করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনি।

কাজী ছায়েদুল আলম বাবুল বলেন, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপি অতন্দ্র প্রহরী হিসেবে রাজপথে রয়েছে। কোথাও নৈরাজ্য, অরাজকতা কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ড দেখা গেলে তা প্রতিহত করা হবে। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় কোনো সন্ত্রাসী গোষ্ঠী ষড়যন্ত্র বা বাধা সৃষ্টি করলে তা মোকাবিলায় বিএনপি রাজপথে প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং একটি আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার কাজ চলছে। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় কোনো ধরনের ষড়যন্ত্র বা বাধা সৃষ্টি করা হলে তা মেনে নেওয়া হবে না। এ সময় তিনি ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান দেন।

সমাবেশে বক্তারা বলেন, রাজনৈতিক বা অন্য কোনো উদ্দেশ্য হাসিলের জন্য সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার পথ গ্রহণ করা উচিত নয়। জননিরাপত্তা বিঘ্নিত হয় বা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে রাজনৈতিক কর্মসূচি শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে পালনের ওপর গুরুত্ব দেন তারা।

বক্তারা আরও বলেন, দেশের স্থিতিশীলতা নষ্ট করার কোনো অপচেষ্টা জনগণ মেনে নেবে না। এ ধরনের পরিস্থিতিতে নেতাকর্মীদের সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান তারা।

সমাবেশে বিএনপি নেতা অ্যাডভোকেট শহীদ উজ্জামান, আহমদ আলী রুশদি, অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, হাসান আজমল ভূঁইয়া, আ ক  ম মোফাজ্জল হোসেন, জয়নাল আবেদীন তালুকদার, সুরুজ আহমেদ, সাইফুল ইসলাম টুটুল, হান্নান মিয়া হান্নু, তানভীর আহমেদ, অ্যাডভোকেট আব্দুস সালাম, মনিরুল ইসলাম মনির, তানভীর সিরাজ ও গাজী সালাউদ্দিন সুমনসহ মহানগর বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া মহানগর যুবদলের সদস্যসচিব মাহমুদ হাসান রাজু, সদর মেট্রো থানা যুবদলের আহ্বায়ক নাজমুল খন্দকার সুমন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ফারহাজ বিন ফয়েজ প্রবালসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল ও বিএনপির অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী মিছিলে অংশ নেন।
মিছিল চলাকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা ও চৌরাস্তা অংশে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। সন্ত্রাস ও নৈরাজ্যবিরোধী স্লোগানে মুখর হয়ে ওঠে মহাসড়ক।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft