ব্রাহ্মণবাড়িয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি বসতঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের গজারিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। আকস্মিক এই আগুনে ঘরবাড়ি ও আসবাবপত্র পুড়ে সহায়-সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে গেছে ১৪টি পরিবার। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গজারিয়া গ্রামের ওই বাড়িটিতে ১০টি ঘরে মোট ১৪টি পরিবার বসবাস করত। সকালে হঠাৎ করেই আলফাজ মিয়ার ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারপাশের অন্য ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা নিজেদের উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ১০টি ঘরের ভেতরে থাকা সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে রয়েছেন নোয়াব মিয়া, মো. মামুন, মো. রুবেল মিয়া, মো. কামাল মিয়া, মো. মহিউদ্দিন, মো. শাহিন, মো. সোহেল মিয়া, আলফাজ মিয়া, মো. শামীম মিয়া, মো. হানিফ মিয়া, ছোটন মিয়া, আলতাব মিয়া, মো. শরীফ মিয়া ও মো. রনি মিয়া।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-সহকারী পরিচালক মো. ফারুক আহমেদ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ বর্তমানে চলমান রয়েছে।
আজকালের খবর/কাওছার আল হাবীব