প্রিপেইড মিটার বাতিল ও অপসারণ এবং নতুন বিদ্যুৎ সংযোগে পোস্টপেইড মিটার সরবরাহ করার দাবিতে রংপুরে নেসকো কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে বিদ্যুৎ গ্রাহক ফোরাম। কর্মসূচি থেকে পূর্বের ডিজিটাল পোস্টপেইড মিটার পুনঃস্থাপন এবং নতুন বিদ্যুৎ সংযোগের জন্য আবেদনকারীদের পোস্টপেইড মিটার সরবরাহ করার দাবি জানানো হয়। একই সাথে দাবি বাস্তবায়নে নেসকোর প্রধান প্রকৌশলী বরাবর শত শত দরখাস্তসহ স্মারকলিপি প্রদান করে গ্রাহকেরা।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রংপুর নগরীর কলেজ রোডে খামার মোড় সংলগ্ন নেসকো অফিস চত্বরে এই ঘেরাও কর্মসূচি পালন করে।
এর আগে নগরীর শাপলা চত্বর ও লালবাগ থেকে দুটি মিছিল বের হয়ে নেসকো অফিস চত্বরে গিয়ে ঘেরাও করে।
সেখানে ঘেরাও চলাকালে অনুষ্ঠিত সমাবেশে বিদ্যুৎ গ্রাহক ফোরামের সভাপতি অধ্যাপক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপদেষ্টা আনোয়ার হোসেন বাবলু, মির্জা বাবর বাবুল, সদস্য সচিব আহসানুল আরেফিন তিতু, শাহিদুল ইসলাম সুমন, ভূক্তভোগী বিদ্যুৎ গ্রাহক নাজনীন বেগম, শাহানারা খাতুন, শফিকুল ইসলাম, রাজা মিয়া প্রমূখ।
ভুক্তভোগী শাহানারা খাতুন বলেন, আগে যে লাইট, ফ্যান, চুলা ছিলো এখনো তাই আছে আমার বিদ্যুতের ব্যবহার বাড়েনি কিন্তু প্রিপেইড মিটার লাগানোর পর খরচ বেড়েছে তিনগুণ। আমি এই মিটার চাই না। এটা খুলে নিয়ে আমার আগের পোস্টপেইড ফিরিয়ে দেওয়া হোক।
আরেক গ্রাহক শফিকুল ইসলাম বলেন, আমি বাড়িতে ছিলাম না, নেসকোর লোকজন গিয়ে আমার স্ত্রীকে বলেছে এখনই প্রিপেইড মিটার না লাগালে পরে বিশ হাজার টাকা ফাইন হবে, মামলা হবে।আমার স্ত্রী ভয়ে কিছু বলতে পারেনি। তারা মিটার লাগিয়ে চলে গেছে। এখন প্রতিমাসে আগের চেয়ে অনেক বেশি টাকা বিদ্যুতের পিছনে খরচ হচ্ছে।
বিদ্যুৎ গ্রাহক ফোরামের আহ্বায়ক অধ্যাপক দেলোয়ার হোসেন বলেন, নেসকো প্রতারণাপূর্বক জনগণের ইচ্ছার বিরুদ্ধে এই মিটার লাগিয়েছে। অবিলম্বে প্রিপেইড মিটার প্রকল্প বাতিল করতে হবে।
আহসানুল আরেফিন তিতু বলেন, আমরা শান্তিপূর্ণভাবে গ্রাহকদের অভিযোগের কথা কর্তৃপক্ষতে লিখিতভাবে জানিয়ে গেলাম। নেসকো বিদ্যুৎ গ্রাহকদের অভিযোগ এবং দাবির প্রতি সম্মান জানিয়ে অবিলম্বে প্রিপেইড মিটার অপসারণ করে পূর্বের ডিজিটাল পোস্টপেইড মিটার পুনঃস্থাপন করবে এই প্রত্যাশা করছি। অন্যথায় হলে আমাদেরকে কঠোর কর্মসূচির দিকে যেতে হবে।
এর আগে, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুর প্রেসক্লাব চত্বরে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করে বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটি। ওই কর্মসূচি থেকে
সারাদেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের যখন উর্ধ্বগতি, তখন নেসকো প্রিপেইড মিটারের নামে গ্রাহক হয়রানি শুরু করেছে বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। এসময় তারা প্রিপেইড মিটার বাতিল, সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, বিদ্যুৎ খাতকে বেসরকারিকরণের তৎপরতা বন্ধ, বিদ্যুৎ সংকটের জনবান্ধব সমাধান, বিদ্যুৎ খাতে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশসহ বিদ্যুৎ গ্রাহকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
আজকালের খবর/বিএস