সাংবাদিকতা ও সৃজনশীল ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ভারতের কলকাতায় ‘আগামী বাংলা’র নান্দনিক সৃজনশীল সম্মাননা পেয়েছেন রংপুরের বিশিষ্ট লেখক, সংগঠক ও সাংবাদিক জাকির আহমদ।
কলকাতার ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিসার্চ (আইসিসিআর) হলে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তাঁকে ‘দ্য আর্ট অ্যান্ড ইনোভেশন সাংবাদিক সম্মাননা ১৪৩৩’ প্রদান করা হয়। সংবাদ পরিবেশন, সাংবাদিকতার প্রতি দায়বদ্ধতা এবং দুই দশকেরও বেশি সময় ধরে গণমাধ্যমের সঙ্গে যুক্ত থাকার স্বীকৃতি হিসেবে ‘আগামী বাংলা প্রেস অ্যান্ড মিডিয়া’র পক্ষ থেকে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে ভারত ও বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদেরও সম্মানিত করা হয়। এর মধ্যে অনুবাদ সাহিত্যে জয়া চৌধুরী ও বাপ্পাদিত্য রায় বিশ্বাস, কণ্ঠশৈলীতে মৌনীতা চট্টোপাধ্যায় ও সুশান্ত নন্দী, লোকসংগীতে পাপিয়া ঘোষাল এবং সাংবাদিকতায় ভারতের আবু রাইহানকে সম্মাননা দেওয়া হয়। এছাড়া রতনতনু ঘাটী, পার্থজিৎ গঙ্গোপাধ্যায়, পারমিতা ভৌমিক, অরুণ শীল ও বিনোদ ঘোষালসহ বিশিষ্টজনেরাও সম্মানিত হন।
অনুষ্ঠানে কবি দীপক লাহিড়ী, চিত্রা লাহিড়ী, সৌমিত বসু, মুকুল রায়, সৈয়দ হাসমত জালাল, রামকিশোর ভট্টাচার্য, সুদীপ্ত চ্যাটার্জী, ইউনুস মোল্লা, অদীপ ঘোষ, অলোক বিশ্বাস, অংশুমান চক্রবর্তী, শুভঙ্কর সাহা ও অভীককুমার দে প্রমুখ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাচিকশিল্পী নন্দিনী লাহা এবং পরিকল্পনা ও পরিচালনা করেন ‘আগামী বাংলা প্রেস অ্যান্ড পাবলিকেশন্স’-এর সিইও, কবি ও সাংবাদিক শুভদীপ রায়।
সম্মাননা প্রাপ্তি ছাড়াও অনুষ্ঠানে সাংবাদিক জাকির আহমদের লেখা কবিতার বই ‘জলজোস্নার কাব্য’-সহ একাধিক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। কবিতা, গান ও আবৃত্তির পাশাপাশি অনুষ্ঠানে ‘হা! শৈশব’-এর পোস্টার এবং ‘দাবদাহ’ পত্রিকার শারদীয় সংখ্যার প্রচ্ছদও প্রকাশিত হয়।
আজকালের খবর/কাওছার আল হাবীব