বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম এমপি বলেছেন, গণভোটের রায় অস্বীকার করে স্বৈরাচারী কায়দায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের পথেই হাঁটা শুরু করেছে বিএনপি। এভাবে জনগণের দাবি উপেক্ষা করলে বিএনপির পরিনতি আওয়ামী লীগের মতোই হবে। আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বগুড়ার একটি মিলনায়তনে ১১দলীয় জোট আয়োজিত সাংবাদিকদের প্রেসব্রিফিংয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন,জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করে দ্রুত রায় কার্যকর, জ্বালানি ও সার সংকট নিরসন,নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ,আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সবখানে দলীয়করণ ও স্বৈরাচারী ব্যবস্থার অবসান এবং দুর্নীতি, দখলদারিত্ব ও চাঁদাবাজি বন্ধের দাবিতে ১৯ মার্চ ১১ দলীয় জোটের ঢাকা-রংপুর লংমার্চ উপলক্ষ্য এই প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়।
বগুড়া মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের উপস্থাপনায় প্রেসব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন,বগুড়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক আব্দুল হালিম বেগ, বগুড়া মহানগরী জামায়াতের সেক্রেটারি এবং জামায়াত মনোনীত বগুড়া সিটি কর্পোরেশনে মেয়র প্রার্থী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, অধ্যাপক মুন্সি আব্দুল বাসেদ, খেলাফত মজলিসের বগুড়া জেলা নেতৃবৃন্দ, এলডিপির সভাপতি অ্যাডভোকেট মোখলেছুর রহমান,এনসিপির সভাপতি ইঞ্জিনিয়ার এসএম এ মাহমুদ, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি মাহফুজুল হক, অধ্যাপক রফিকুল আলম, অ্যাডভোকেট আল আমিন, অ্যাডভোকেট শাহিন মিয়া, নূর মোহাম্মদ আবু তাহের, অধ্যক্ষ ইকবাল হোসেনসহ জামায়াত ও ১১ দলীয় জোটের জেলা ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এটিএম আজহারুল ইসলাম সরকারের সাম্প্রতিক গণস্বার্থবিরোধী কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে বলেন, সরকার সংসদে সংখ্যাগরিষ্টতার জোরে ৯০ ভাগ মুসলমানের দেশে কুরআন-হাদীসের পরিপন্থী আইন পাশ করে জনরোষের কবলে পড়েছে। আমরা সরকাকে পরামর্শ দিয়েছিলাম ইসলামিক ফাউন্ডেশর এবং দেশেরে হক্কানী আলেম ওলামা, ইসলামী শরীয়া বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে তারপর আইন পাশ করেন। সরকার সব কিছু উপেক্ষা করেছে। তারা ভোটের আগে ওয়াদা করেছিলো কুরআন-হাদীস পরিপন্থী কোন আইন করবে না। মদিনার ইসলাম কায়েম করার কথা বলে ক্ষমতায় গিয়ে ইসলামের বিরুদ্ধেই প্রথম আইন পাশ করেছে। এটাকেই বলে ধর্ম নিয়ে রাজনীতি করা।
এটিএম আহজার বলেন, সরকারের একজন স্বরাষ্ট্রমন্ত্রী সব মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করলেও নিজের মন্ত্রণালয়ের ভ্রুক্ষেপ করেন না। এই সর্বজান্তা স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি করতে চরমভাবে ব্যর্থ হয়েছেন।
তিনি সরকারকে অবিলম্বে জনগণের দেওয়া ম্যান্ডেট গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন এবং জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যাকারীদের দৃশ্যমান বিচার সম্পন্ন করে দ্রুত রায় কার্যকরের দাবি জানান। সেইসঙ্গে বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি তেল এবং কৃষি খাতের জন্য সারের তীব্র সংকট দূর করা, বাজার সিন্ডিকেট ভেঙে দিয়ে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম জনগণের নাগালের মধ্যে আনা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে সংকীর্ণ দলীয়করণ বন্ধ করার জোর দাবি জানান।
তিনি জানান, ঢাকা থেকে শুরু হওয়া রংপুরগামী এই লংমার্চ বগুড়ার মাটিডালী বিমানমোড়ে ১৯ সেপ্টেম্বর বিকেল ৩টায় সমাবেশে মিলিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি থাকবেন এনসিপির কেন্দ্রীয় আহবায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিশ এর আমীর মাওলানা মামুনুল হক ও এলডিপি সভাপতি সাবেক মন্ত্রী ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীরবিক্রম। কোন রাজনৈতিক দলের স্বার্থে এই লংমার্চ নয়।
জনগণের ন্যায্য দাবি আদায় এবং জনআকাঙ্খা বাস্তবায়নের দাবিতে দেশের ১৮ কোটি মানুষের স্বার্থে ১১ দলীয় জোটের এই লংমার্চ সফলের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
আজকালের খবর/বিএস